শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬,

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জাতীয় ডেস্ক

মে ৬, ২০২৬, ০৬:২৫ পিএম

সমাজকল্যাণ মন্ত্রীর মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মা বেগম জেবুন্নেছার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (৬ মে) ভোরে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।

পারিবারিক সূত্র জানায়, আজ ভোর ৫টা ৩৮ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বেগম জেবুন্নেছা। এদিন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক শোকবাণীতে দলটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান এই শোক জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, বেগম জেবুন্নেছার মৃত্যুতে তার পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি উল্লেখ করেন, মরহুমা বেগম জেবুন্নেছা শিক্ষকতা পেশায় অত্যন্ত নিষ্ঠাবান ছিলেন। তিনি নিজের মেধা ও যোগ্যতা দিয়ে অসংখ্য ছাত্র-ছাত্রীকে সুশিক্ষিত করেছেন, যারা এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে দেশের কল্যাণে অবদান রাখছেন।

বিএনপি চেয়ারম্যান তার বাণীতে আরও বলেন, একজন আদর্শ মা হিসেবে তিনি নিজের সন্তানদের সুশিক্ষায় গড়ে তুলেছেন। মহীয়সী নারী হিসেবে তিনি সংশ্লিষ্ট সবার নিকট অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন। প্রধানমন্ত্রী মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।