মে ১২, ২০২৬, ১১:২১ এএম
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) জাতীয় কর্মশালা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১২ মে) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ‘বাংলাদেশে উচ্চ শিক্ষা রূপান্তর: টেকসই উৎকর্ষতার রোডম্যাপ’ শিরোনামে এই কর্মশালা শুরু হয়।এদিন সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী কর্মশালাটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন এবং প্রধানমন্ত্রীর শিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন।
প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর এটিই ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তার প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি। এর আগে গত বছরের ২৭ ডিসেম্বর যুক্তরাজ্য থেকে দেশে ফেরার দুই দিন পর তিনি ব্যক্তিগত সফরে ঢাবি ক্যাম্পাসে গিয়েছিলেন। সেদিন তিনি ইনকিলাব মঞ্চের নেতা ওসমান হাদীর কবর জিয়ারত করেছিলেন।
এবারের কর্মশালায় দেশের উচ্চ শিক্ষার মানোন্নয়ন ও টেকসই রূপান্তরের লক্ষ্যে পাঁচটি টেকনিক্যাল অধিবেশন রাখা হয়েছে। এসব অধিবেশনে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা তাদের মতামত তুলে ধরবেন।কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষা খাতের বিভিন্ন সংস্কার ও বৈশ্বিক মানদণ্ড অর্জনের বিষয়ে আলোচনা করা হয়। বিকেলের সমাপনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম।
এছাড়া সমাপনী পর্বে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য অধ্যাপক এ বি এম বদরুজ্জামান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী এবং স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের উপাচার্য অধ্যাপক মো. আখতার হোসেন খান উপস্থিত থাকার কথা রয়েছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এই কর্মশালার মাধ্যমে দেশের উচ্চ শিক্ষা ব্যবস্থার সংকট নিরসন ও আধুনিকায়নের একটি সুনির্দিষ্ট পরিকল্পনা উঠে আসবে।
সংশ্লিষ্টদের মতে, প্রধানমন্ত্রীর এই সফর ও উচ্চ শিক্ষা নিয়ে সরকারের সরাসরি অংশগ্রহণ দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমন্ত্রিত অতিথি ছাড়া সাধারণের প্রবেশ সীমিত রাখা হয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন