মে ১৩, ২০২৬, ১০:১৭ এএম
পাবনার ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে সফলভাবে পারমাণবিক জ্বালানি বা ইউরেনিয়াম স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে দেশের প্রথম এই পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রটি পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদনের প্রক্রিয়ায় আরও এক ধাপ এগিয়ে গেল।মঙ্গলবার (১২ মে) সন্ধ্যায় নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি বাংলাদেশ লিমিটেডের (এনপিসিবিএল) ব্যবস্থাপনা পরিচালক ড. মো. জাহেদুল হাসান এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রথম ইউনিটের রিঅ্যাক্টর কোরে মোট ১৬৩টি জ্বালানি অ্যাসেম্বলি সফলভাবে স্থাপন করা হয়েছে।প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৮ এপ্রিল রিঅ্যাক্টর কোরে জ্বালানি স্থাপনের এই কার্যক্রম শুরু হয়েছিল। পুরো প্রক্রিয়াটি আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) কঠোর নিরাপত্তা নির্দেশনা মেনে সম্পন্ন করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রকল্প কর্তৃপক্ষ জানিয়েছে, জ্বালানি লোডিং শেষ হওয়ার পর এখন রিঅ্যাক্টরের উপরের অংশ স্থাপন এবং বিভিন্ন কারিগরি যন্ত্রপাতি সংযুক্ত করার কাজ শুরু হবে। এরপর ধাপে ধাপে বিভিন্ন পরীক্ষা চালিয়ে রিঅ্যাক্টরকে ন্যূনতম নিয়ন্ত্রণযোগ্য বিদ্যুৎ উৎপাদন পর্যায়ে নিয়ে যাওয়া হবে।
রূপপুর প্রকল্পের পরিচালক এবং রুশ প্রতিষ্ঠান এটমস্ট্রয়এক্সপোর্টের ভাইস প্রেসিডেন্ট আলেক্সি ডেইরি জানান, নিরাপদ পরিচালনা নিশ্চিত করতে আরও বহু পরীক্ষা ও যাচাই কার্যক্রম বাকি রয়েছে। এসব ধাপ সফলভাবে শেষ হওয়ার পরই বাণিজ্যিক উৎপাদনের দিকে অগ্রসর হবে প্রকল্পটি।
রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় পাবনার ঈশ্বরদীতে নির্মিত এই বিদ্যুৎকেন্দ্রে দুটি ভিভিইআর-১২০০ রিঅ্যাক্টর বসানো হচ্ছে। এই কেন্দ্রের মোট উৎপাদনক্ষমতা হবে ২ হাজার ৪০০ মেগাওয়াট। বর্তমানে এই প্রকল্পকে দেশের জ্বালানি খাতের অন্যতম বৃহত্তম ও গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচনা করা হচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন