রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যানজট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভা

জাতীয় ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৮:২৮ পিএম

যানজট নিরসনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভা

প্রধানমন্ত্রীর যানজট বিষয়ক সভা

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সচিবালয় সূত্রে জানা গেছে, ঢাকার যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে এটি বর্তমান সরকারের দ্বিতীয় কার্যনির্বাহী পর্যালোচনা সভা। সভায় ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন এবং বিভিন্ন বিভাগের সমন্বিত পদক্ষেপের বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

গুরুত্বপূর্ণ এই বৈঠকে সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম রবি, রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশীদ, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টন অংশ নেন। এছাড়া জাতীয় সংসদের সদস্য অ্যাডভোকেট শিমুল বিশ্বাস এমপিসহ সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে ঢাকার ট্রাফিক সিগন্যাল ব্যবস্থার আধুনিকায়ন, গণপরিবহন চলাচল সুশৃঙ্খল করা এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্পের কাজের কারণে সৃষ্ট যানজট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার বিষয়ে আলোচনা করা হয়েছে বলে জানা গেছে।