বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬,

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত বাড়ানোর প্রস্তাব ইসির

জাতীয় ডেস্ক

জুন ৪, ২০২৬, ১১:১৯ এএম

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জামানত বাড়ানোর প্রস্তাব ইসির

নির্বাচন কমিশন কার্যালয়

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য এবার কোনো অঙ্গীকারনামা জমা দেওয়ার বিধান থাকছে না। নির্বাচন কমিশন বা ইসি এই বিধান যুক্ত না করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে। আগামী অক্টোবর মাস থেকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মাধ্যমে স্থানীয় সরকারের ভোট শুরু হতে পারে।এজন্য প্রার্থীদের জামানতের পরিমাণ বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।

নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানান যে স্থানীয় সরকার নির্বাচনের বিধিমালায় বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে প্রার্থীদের অঙ্গীকারনামা বাদ দেওয়ার বিষয়টি তিনি নিজে প্রস্তাব করেছেন। 

সংসদ এবং স্থানীয় নির্বাচনের মধ্যে কাঠামো ও ধরনগত পার্থক্য রয়েছে। মূলত জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তিনি। ইসির মতে, এই অঙ্গীকারনামা রাখা বা না রাখা প্রার্থিতার ক্ষেত্রে কোনো বড় বাধা বা পার্থক্য তৈরি করে না।

নতুন প্রস্তাব অনুযায়ী ইউনিয়ন পরিষদ বা ইউপি চেয়ারম্যান পদে জামানত ৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ২০ হাজার টাকা করা হতে পারে। সদস্য পদে এটি ১ হাজার টাকা থেকে ১০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। পৌরসভা নির্বাচনে ১ লাখ বা তার বেশি ভোটার থাকা এলাকায় মেয়র পদের জামানত ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৬০ হাজার টাকা করার প্রস্তাব রয়েছে।এছাড়া সিটি করপোরেশন নির্বাচনের ক্ষেত্রেও পরিবর্তন আসছে।

৫০ লাখ বা তার বেশি ভোটার থাকা সিটি করপোরেশনে মেয়র পদে জামানত ১ লাখ টাকা থেকে বাড়িয়ে ১ লাখ ২৫ হাজার টাকা নির্ধারণের প্রস্তাব করা হয়েছে। সাধারণ কাউন্সিলর পদে জামানত ৫০ হাজার থেকে ৭৫ হাজার টাকা এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ হাজার টাকা নির্ধারণের কথা বলা হয়েছে। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে নির্বাচনি ব্যয়সীমা ২৫ লাখ টাকা এবং নারী সদস্যদের ব্যয়সীমা ১ লাখ থেকে বাড়িয়ে ১ লাখ ২০ হাজার টাকা করার সুপারিশ রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন নির্বাচন কমিশনার জানিয়েছেন, স্থানীয় সরকারের কাঠামো অনুযায়ী ইউপি দিয়ে ভোট শুরু করা জরুরি। তা না হলে অন্য স্তরের কাঠামো পরিপূর্ণ হবে না। আগামী জুলাই মাসে উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় অক্টোবরের আগে ভোট শুরু নিয়ে তিনি সংশয় প্রকাশ করেন। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানিয়েছেন, জাতীয় বাজেটে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত হওয়ার পর নির্বাচনের বিস্তারিত রোডম্যাপ ঘোষণা করা হবে।

বর্তমানে দেশে ১৩টি সিটি করপোরেশন, ৫০০টি উপজেলা পরিষদ এবং ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ রয়েছে। জুলাই বিপ্লবের পর থেকে এসব প্রতিষ্ঠানের অধিকাংশই প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। নির্বাচন আয়োজন সহজ করতে ইসি ইতিমধ্যে একটি ক্যালেন্ডারভিত্তিক সফটওয়্যার প্রস্তুত করেছে। আইনি প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা হতে পারে।