বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

ভারতের পুশ ইন অপচেষ্টা কঠোর অবস্থানে বিজিবি

জাতীয় ডেস্ক

জুন ৫, ২০২৬, ১০:২০ এএম

ভারতের পুশ ইন অপচেষ্টা কঠোর অবস্থানে বিজিবি

ভারত থেকে অবৈধ পন্থায় বাংলাদেশে লোকজনকে ঠেলে দেওয়ার বা পুশ ইন করার চেষ্টা সীমান্তে নতুন করে উত্তেজনা তৈরি করেছে। গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ২৪ ঘণ্টায় সীমান্তের দশটি পয়েন্ট দিয়ে অন্তত ১৩০ জনকে পুশ ইন করার চেষ্টা চালায় ভারতীয় সীমান্ত বাহিনী বা বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশের কঠোর অবস্থানের মুখে তাদের সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে।সীমান্তে বিজিবি সর্বোচ্চ সতর্কতা জারি করেছে।

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের প্রিজন ভ্যানে করে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জনকে সীমান্তে এনে জোরপূর্বক বাংলাদেশে ঢোকানোর চেষ্টা করা হয়। বিজিবি ও স্থানীয় গ্রামবাসীর তাৎক্ষণিক প্রতিরোধে তারা পিছু হটতে বাধ্য হয়। একইভাবে যশোর, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ ও নেত্রকোনার বিভিন্ন পয়েন্টে একই ধরনের অপচেষ্টা চালানো হয়েছে।

শূন্য রেখায় মানবেতর অবস্থায় আটকা পড়েছেন অনেকে।চাঁপাইনবাবগঞ্জের বাঙ্গাবাড়ী সীমান্তে নারী ও শিশুসহ ছাব্বিশ জনকে পুশ ইন করার চেষ্টা করে বিএসএফ। কাঁটাতারের গেট খুলে তাদের ভেতরে ঠেলে দেওয়া হলেও বিজিবি তাদের শূন্য রেখায় আটকে দেয়। 

ফলে তারা এখন রোদ-বৃষ্টির মধ্যে খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছেন। বিজিবি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, পরিচয় নিশ্চিত না হওয়া পর্যন্ত কাউকে অবৈধভাবে প্রবেশ করতে দেওয়া হবে না।আগামী ৮ থেকে ১১ জুন নয়াদিল্লিতে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে।বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ১৫ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। সম্মেলনে পুশ ইন, অবৈধ স্থাপনা ও সীমান্ত হত্যার মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো তোলা হবে বলে জানা গেছে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদও বলেছেন, কোনো জোরপূর্বক পুশ ইন সরকার মেনে নেবে না।

স্থানীয়দের সঙ্গে নিয়ে সীমান্ত পাহারা দিচ্ছে বিজিবি।সাধারণ মানুষও বিজিবির সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে সীমান্ত পাহারায় অংশ নিচ্ছে। পুশ ইন প্রতিরোধে পঞ্চগড়সহ বিভিন্ন স্থানে স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে যৌথ টহল পরিচালিত হচ্ছে। বিজিবি জানিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় তারা সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পূর্ণ প্রস্তুতি রয়েছে।