রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রতিশ্রুতি বনাম বাস্তবতা নবম পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ

জাতীয় ডেস্ক

জুন ৬, ২০২৬, ১১:০০ এএম

প্রতিশ্রুতি বনাম বাস্তবতা  নবম পে-স্কেল নিয়ে বড় দুঃসংবাদ

অনিশ্চয়তায় পে-স্কেল

দীর্ঘ ১১ বছর ধরে নতুন পে-স্কেলের অপেক্ষায় থাকা সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আবারও অনিশ্চয়তা দেখা দিয়েছে। আগামী ১ জুলাই থেকে নবম পে-স্কেল কার্যকরের আশা থাকলেও এ বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। বাজেট উপস্থাপনের সময় ঘনিয়ে এলেও নীতিনির্ধারণী পর্যায়ের নীরবতা চাকরিজীবীদের মধ্যে শঙ্কা তৈরি করেছে।

কাঙ্ক্ষিত বেতন কাঠামো সময়মতো বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে বাড়ছে প্রশ্ন।সরকারি কর্মকর্তা-কর্মচারীদের অভিযোগ, পে-স্কেল নিয়ে সাম্প্রতিক তথ্যগুলো কেবল সংবাদমাধ্যমের সূত্রে এসেছে। সরকারের কোনো মন্ত্রী কিংবা অর্থ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কোনো কর্মকর্তার কাছ থেকে এখন পর্যন্ত স্পষ্ট বক্তব্য পাওয়া যায়নি। 

অন্তর্বর্তী সরকারের সময়ও বিষয়টি নিয়ে ধোঁয়াশা ছিল, যা এখনো কাটেনি। চাকরিজীবীদের প্রত্যাশা, আগামী ১১ জুন পেশ হতে যাওয়া ৯ লাখ ৩০ হাজার কোটি টাকার বাজেটে সরকার তাদের দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় বরাদ্দ রাখবে।

ধাপে ধাপে পে-স্কেল বাস্তবায়নের খবরে অস্বস্তি বাড়ছে।দায়িত্বশীল সূত্রগুলোর আভাস অনুযায়ী, সম্পূর্ণ বেতন কাঠামো বাস্তবায়নে তিনটি অর্থবছর লাগতে পারে। আগামী অর্থবছরে নতুন মূল বেতনের ৫০ শতাংশ সুবিধা দেওয়ার খসড়া পরিকল্পনা রয়েছে। আগামী ১১ জুন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী প্রস্তাবিত বাজেট সংসদে উপস্থাপন করলে এ বিষয়ে সরকারের প্রকৃত অবস্থান স্পষ্ট হবে।