জুন ৬, ২০২৬, ০৭:২৯ পিএম
বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শনিবার দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সৌজন্য সাক্ষাৎকালে এই ঐকমত্য হয়। প্রধানমন্ত্রীর প্রেস উইং এই তথ্য নিশ্চিত করেছে।
দুই দেশের কৌশলগত সম্পর্ক শক্তিশালী করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ এবং উৎপাদন খাতে সহযোগিতা বাড়ানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে তুরস্কের সঙ্গে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেছে বাংলাদেশ। প্রতিবছর নিয়মিতভাবে পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে বৈঠক আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তুরস্কের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।
আলোচনার শুরুতে প্রধানমন্ত্রী তারেক রহমান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীকে উষ্ণ অভ্যর্থনা জানান।বাংলাদেশের জনগণ ও সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখা এবং জাতিসংঘের গুরুত্বপূর্ণ পদে সমর্থনের জন্য তুরস্ক সরকারকে ধন্যবাদ জানিয়েছেন প্রধানমন্ত্রী।
বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান গত বৃহস্পতিবার তিন দিনের সফরে ঢাকায় আসেন এবং কক্সবাজার পরিদর্শন শেষে গতকাল রাতে ঢাকায় ফিরেছেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন