জুন ৬, ২০২৬, ০৮:১০ পিএম
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান ঢাকা সফরকালে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা শিল্পে সহযোগিতার নতুন পরিকল্পনার কথা তুলে ধরেছেন। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে প্রতিরক্ষা ও পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে যৌথ কমিটি গঠনের সিদ্ধান্তে এই আলোচনা আরও গুরুত্ব পেয়েছে। কূটনৈতিক ও সামরিক বিশ্লেষকদের মতে, সামরিক সরঞ্জাম বিশেষ করে ড্রোন, ট্যাংক এবং ইলেকট্রনিক যুদ্ধ সরঞ্জাম উৎপাদনের কারখানা বাংলাদেশে স্থাপনের একটি সুযোগ তৈরি হয়েছে।
বাংলাদেশের সশস্ত্র বাহিনী কয়েক বছর আগেই তুরস্কের একটি কোম্পানির সঙ্গে ড্রোন সংগ্রহের চুক্তি স্বাক্ষর করেছিল।সম্প্রতি প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎকালে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।
যদিও স্বাক্ষরিত সমঝোতা স্মারকে সরাসরি প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের কথা নেই, তবুও দুই দেশের বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যমাত্রা পূরণে এই ক্ষেত্রটি আলোচিত হয়েছে। তুরস্ক শীর্ষ অস্ত্র রপ্তানিকারক দেশগুলোর তালিকায় উঠে আসার লক্ষ্য নিয়ে কাজ করছে। বাংলাদেশকে এখন প্রতিরক্ষা সরঞ্জামের উৎস বৈচিত্র্যকরণের পথ খুঁজছে সরকার।
চীন বা পশ্চিমা অস্ত্রের ওপর নির্ভরতা কমানোর ক্ষেত্রে তুরস্ক একটি ভালো বিকল্প।সাবেক রাষ্ট্রদূত হুমায়ুন কবির মনে করেন, চীন থেকে নির্ভরতা কমানোর পাশাপাশি যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের অস্ত্রের চড়া মূল্য থেকে বাঁচতে তুরস্ক একটি বাস্তবসম্মত পথ হতে পারে। তুরস্কের ড্রোন ও ট্যাংকের প্রমাণিত সক্ষমতা এবং স্বল্প খরচে উন্নত প্রযুক্তি পাওয়ার সুযোগ রয়েছে। অবসরপ্রাপ্ত মেজর এমদাদুল ইসলাম জানান, পাকিস্তান ও চীনের যৌথ উদ্যোগের মতো বাংলাদেশেও সামরিক সরঞ্জাম উৎপাদনে তুরস্ক এগিয়ে আসতে পারে। এতে বাংলাদেশের প্রতিরক্ষা সক্ষমতা বাড়ার পাশাপাশি শান্তিরক্ষী মিশনে যুদ্ধ ব্যবস্থাপনার দক্ষতাও অর্জন করা সম্ভব।
এর আগে বাংলাদেশ তুরস্ক থেকে মাইন প্রতিরোধী যান ও বিভিন্ন ধরনের রকেট সিস্টেম সংগ্রহ করেছে।বর্তমানে গাজীপুরে সমরাস্ত্র কারখানার আধুনিকায়নের পাশাপাশি প্রযুক্তি হস্তান্তরের ওপর জোর দিচ্ছে ঢাকা। তুরস্কের কারিগরি প্রশিক্ষণ এবং যৌথ উৎপাদন কার্যক্রম দীর্ঘমেয়াদে বাংলাদেশের প্রতিরক্ষা শিল্পকে শক্তিশালী করবে বলে কূটনৈতিক মহল মনে করছে। এছাড়া তুরস্কের সঙ্গে বাংলাদেশের রোহিঙ্গা ইস্যুসহ বিভিন্ন বিষয়ে ভূ-রাজনৈতিক বোঝাপড়াও গভীর হচ্ছে, যা এই সামরিক সহযোগিতাকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন