বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুন ৭, ২০২৬, ১০:২৮ এএম

রাশিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন পররাষ্ট্রমন্ত্রী

দ্বিপক্ষীয় সম্পর্ক ও কূটনৈতিক যোগাযোগ বাড়াতে রাশিয়ার রাজধানী মস্কোর উদ্দেশে ঢাকা ছেড়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। আজ রোববার সকালে তিনি তিন দিনের সরকারি সফরে রওনা হন। তার সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, সফর শেষে আগামী ৯ জুন তার দেশে ফেরার কথা রয়েছে।

মস্কোতে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সঙ্গে বৈঠকে অংশ নেবেন খলিলুর রহমান। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক, জ্বালানি খাত, বাণিজ্য সম্প্রসারণ ও অবকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হবে। বিশেষ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রযুক্তিগত ও আর্থিক অগ্রগতি প্রাধান্য পাবে বৈঠকে। 

ইউক্রেন যুদ্ধের প্রভাবে বৈশ্বিক নিষেধাজ্ঞাজনিত চ্যালেঞ্জ মোকাবিলার উপায়ও এতে আলোচনায় আসতে পারে।সফরে জাতিসংঘ ও বহুপক্ষীয় কূটনীতি গুরুত্ব পাবে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা, জাতিসংঘের সংস্কার এবং বৈশ্বিক দক্ষিণের স্বার্থ রক্ষায় দুই দেশের অবস্থানের সমন্বয় করার সুযোগ তৈরি হবে। 

সম্প্রতি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খলিলুর রহমানের নতুন দায়িত্ব এবং আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভূমিকা নিয়েও মতবিনিময় হতে পারে।প্রায় সাত বছর পর বাংলাদেশের কোনো পররাষ্ট্রমন্ত্রীর এই রাশিয়া সফর। এর আগে ২০১৯ সালে তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন দ্বিপক্ষীয় সফরে রাশিয়া গিয়েছিলেন। পরবর্তীতে ২০২৩ সালে রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ ঢাকা সফর করেন।