রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

গুম-খুন ও গণহত্যার পক্ষ নেওয়া সাংবাদিকদের পুনর্বাসন করা হচ্ছে

জাতীয় ডেস্ক

জুন ৭, ২০২৬, ০৫:৩৩ পিএম

গুম-খুন ও গণহত্যার পক্ষ নেওয়া সাংবাদিকদের পুনর্বাসন করা হচ্ছে

জাতীয় সংসদ

বিগত ১৭ বছরে গুম-খুন, ভোট চুরি ও গণহত্যার পক্ষে কাজ করা সাংবাদিক নামধারীদের বিভিন্ন গণমাধ্যমে পুনর্বাসন করার অভিযোগ তুলেছেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ। রোববার জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে তিনি এসব সাংবাদিক ও মিডিয়া হাউসের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।কুমিল্লা-৪ আসনের এই সংসদ সদস্য সম্পূরক প্রশ্ন করতে গিয়ে বলেন, আওয়ামী লীগ শাসনামলে যারা মিডিয়া ব্যবহার করে গুম-খুন ও ব্যাংক ডাকাতির বৈধতা দিয়েছিল, তাদের আবারও বিভিন্ন প্রতিষ্ঠানে পুনর্বাসন করা হচ্ছে। 

জুলাই গণঅভ্যুত্থানের পর অনেক পেশাদার সাংবাদিককে বের করে দেওয়া হয়েছে বলেও তিনি অভিযোগ করেন।জবাবে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর পক্ষে ইয়াসির খান চৌধুরী বলেন, গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে। তবে প্রচলিত আইনের ঊর্ধ্বে কেউ নন। যারা গণতন্ত্রের বিপক্ষে কাজ করবে বা সন্ত্রাসের ইন্ধন দেবে, সাংবাদিক পরিচয় থাকলেও তাদের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা নেওয়া হবে। সরকার এ বিষয়ে কঠোর অবস্থানে রয়েছে।

এদিকে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুক অপসাংবাদিকতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, বর্তমানে ইউনিয়ন পর্যায় পর্যন্ত সাংবাদিকের কার্ড পাওয়া যাচ্ছে, যা মানসম্মত নয়। 

ইউটিউব ব্যবহার করে যা ইচ্ছা তা প্রচার করা হচ্ছে, যা গণতন্ত্র ও উন্নয়নের জন্য হুমকি। এদের শিক্ষাগত যোগ্যতা ও সাংবাদিকতার পরিচয়পত্র কে দিচ্ছে, তা তদন্তের দাবি জানান তিনি।প্রতিমন্ত্রী জানান, মিসইনফরমেশন ও ডিজইনফরমেশন বা ভুল তথ্য প্রচার বন্ধে সরকার কাজ করছে। যারা সাংবাদিক হিসেবে নিবন্ধিত নন, তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি ছড়াচ্ছে। 

এদের মনিটরিং করার জন্য একটি বিশেষ টিম গঠন করা হয়েছে।অতি দ্রুত এই টিমের কার্যক্রম ও পরিধি সম্পর্কে ঘোষণা দেওয়া হবে বলে প্রতিমন্ত্রী সংসদকে অবহিত করেন। নিবন্ধনহীন ব্যক্তিদের আইনের আওতায় আনতে কার্যক্রম চলমান রয়েছে বলেও তিনি জানান।