জুন ৭, ২০২৬, ০৬:১১ পিএম
জাতীয় সংসদে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে না পারায় জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহামুদকে ভালোভাবে স্টাডি বা পর্যালোচনা করে নেওয়ার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। রোববার সংসদ অধিবেশনে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সরবরাহ নিয়ে সংসদ সদস্য রুমিন ফারহানার সম্পূরক প্রশ্নের উত্তরের পরে স্পিকার মন্ত্রীকে এ কথা বলেন।
সংসদে প্রতিশ্রুতি প্রদানের ক্ষেত্রে মন্ত্রীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানানো হয়।সম্পূরক প্রশ্নে রুমিন ফারহানা বলেন, মন্ত্রী এই মহান সংসদে দাঁড়িয়ে কথা দিয়েছিলেন পহেলা মে-র মধ্যে আশুগঞ্জ সার কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হবে।
কিন্তু এক মাস তিন দিন পার হয়ে গেলেও সরবরাহ মেলেনি। তিনি জানতে চান, কবে নাগাদ গ্যাস পাওয়া যাবে।জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহামুদ উত্তরে বলেন, গ্যাসের সংকট রয়েছে এবং বিদ্যুৎ প্ল্যান্টগুলো চালু রাখতে অগ্রাধিকার দিতে হচ্ছে। তিনি বলেন, গত ১৭ বছরে কোনো ড্রিলিং করা হয়নি। বর্তমান সরকার ড্রিলিং শুরু করেছে, আশা করি গ্যাস পাওয়া গেলে তখন কারখানাগুলোতে সরবরাহ দেওয়া সম্ভব হবে।
মন্ত্রীর উত্তরের পর স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে পূর্বের প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে বলেন, মাননীয় মন্ত্রী, আপনি কিন্তু সংসদে বলেছিলেন এক তারিখ থেকে গ্যাস যাবে। সেটি পাওয়া যায়নি।
স্পিকার আরও বলেন, সংসদে যে প্রতিশ্রুতি দেবেন, তা ড্রিলিং বা অন্যান্য আনুষঙ্গিক বিষয় ভালোভাবে পর্যালোচনা করে তারপরে দেবেন। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে মন্ত্রীদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার তাগিদ দেন তিনি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন