বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে: সংসদে এমপি সানসিলা

জাতীয় ডেস্ক

জুন ৭, ২০২৬, ০৮:৪০ পিএম

হাসপাতাল নিজেই আইসিইউতে চলে গেছে: সংসদে এমপি সানসিলা

হাসপাতাল চিকিৎসা সেবা দেওয়ার বদলে নিজেই আইসিইউতে চলে গেছে বলে মন্তব্য করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানসিলা জেবরিন। রোববার জাতীয় সংসদে জরুরি জনগুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনার সময় শেরপুর সদর হাসপাতালের নাজুক পরিস্থিতি তুলে ধরেন তিনি।প্রায় ১৭ লাখ মানুষের একমাত্র ভরসা এই হাসপাতালের করুণ বাস্তবতার চিত্র তুলে ধরে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।

এমপি সানসিলা জেবরিন বলেন, দুর্গম পথ পাড়ি দিয়ে মুমূর্ষু রোগী বা গর্ভবতী মায়েরা জীবন বাঁচানোর শেষ আশায় হাসপাতালে আসে। কিন্তু বেড না পেয়ে মেঝে, বারান্দা কিংবা করিডোরে তাদের কাতরাতে হয়। 

হাসপাতালের ১০টি সিনিয়র কনসালট্যান্ট পদের সবগুলোই শূন্য। প্রতিদিন সাত শ রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে সীমিত সংখ্যক চিকিৎসক ও নার্স। অ্যাম্বুলেন্স থাকলেও চালক নেই, রোগীদের জন্য পর্যাপ্ত লিফট নেই।হাসপাতালের আইসিইউ ও সিসিইউ ইউনিটের চিত্র আরও ভয়াবহ। ১১ কোটি টাকা খরচে নির্মিত ইউনিটটি জনবলের অভাবে দীর্ঘদিন তালাবদ্ধ। 

ফলে ইউনিটটি এখন মাদকসেবীদের আড্ডায় পরিণত হয়েছে। মূল্যবান যন্ত্রপাতি চুরি হয়ে যাচ্ছে। হাসপাতালের একাংশ দালাল ও ছিনতাইকারীদের দখলে বলেও অভিযোগ করেন তিনি।তিনি জানান, ২০১৮ সালের পর থেকে সদর হাসপাতালে স্বাস্থ্য বিভাগের কোনো নিয়োগ হয়নি। গত আট বছরে অন্তত ছয়বার নিয়োগ পরীক্ষার তারিখ দিলেও অদৃশ্য শক্তির কারণে তা বারবার পিছিয়ে দেওয়া হয়েছে। এসব সংকট নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য স্বাস্থ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন তিনি।