বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

গত বছরের তুলনায় অপরাধ পরিস্থিতির উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুন ৮, ২০২৬, ০৫:৩৪ পিএম

গত বছরের তুলনায় অপরাধ পরিস্থিতির উন্নতি: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৫ সালের একই সময়ের তুলনায় চলতি বছর দেশের অপরাধ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের দায়িত্ব গ্রহণের তিন মাস পূর্ণ হয়েছে। 

এ সময়ের অপরাধ পরিস্থিতি গত বছরের একই সময়ের সঙ্গে তুলনা করা হয়েছে। প্রাপ্ত পরিসংখ্যান অনুযায়ী, অপরাধের প্রায় প্রতিটি ক্যাটাগরিতেই ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা গেছে।সংবাদ সম্মেলনে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও আলোচিত ঘটনায় দায়িত্বশীল ভূমিকা পালনকারী ১৫ জন পুলিশ সদস্যকে সম্মাননা ও আর্থিক পুরস্কার দেওয়া হয়েছে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, তিনটি ভিন্ন ঘটনায় সাহসী অবদানের জন্য এই স্বীকৃতি প্রদান করা হয়েছে। এর মধ্যে রয়েছে রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যা মামলার তদন্ত ও দ্রুত আসামি গ্রেপ্তার, দৌলতদিয়ায় নৌদুর্ঘটনায় যাত্রীদের প্রাণ রক্ষা এবং মুন্সীগঞ্জের সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় আসামিদের দ্রুত গ্রেপ্তারের ঘটনা।

পুরস্কারপ্রাপ্ত প্রত্যেক পুলিশ সদস্যকে ২০ হাজার টাকা করে আর্থিক প্রণোদনা ও সম্মাননাপত্র প্রদান করা হয়েছে। কিছু সদস্যকে বিশেষ ব্যাজও দেওয়া হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ সদস্যদের এ ধরনের উদ্যোগ ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে মন্ত্রী জানান।