জুন ৯, ২০২৬, ০২:৫৭ পিএম
জাতীয় বেতন স্কেল বাস্তবায়ন এবং প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের দাবিতে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে ‘বাংলাদেশ গ্রাম পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন’। মঙ্গলবার (৯ জুন) আয়োজিত এ কর্মসূচিতে সারাদেশ থেকে আগত শতাধিক গ্রাম পুলিশ সদস্য অংশ নেন।
সংগঠনের কেন্দ্রীয় সভাপতি কমান্ডার এম এম লাল মিয়া জানান, দেশের ৪৯৫টি উপজেলার ৪৫ হাজার ৮১০ জন গ্রাম পুলিশ সদস্য বর্তমানে নামমাত্র ভাতার বিনিময়ে দায়িত্ব পালন করছেন। সরকারি পোশাক পরিহিত একজন সদস্যের মাসিক ৭ হাজার ৫০০ টাকা ভাতা বর্তমান বাজারে অত্যন্ত অপ্রতুল।
এই সামান্য আয়ে পরিবার পরিচালনা, সন্তানদের শিক্ষা এবং বয়স্ক অভিভাবকদের ভরণপোষণ মেটাতে তারা চরম দুর্ভোগের শিকার হচ্ছেন।বক্তারা বলেন, ২০১১ সালের সরকারি গেজেট এবং উচ্চ আদালতের নির্দেশনা থাকা সত্ত্বেও গ্রাম পুলিশ সদস্যদের জাতীয় বেতন স্কেলের অন্তর্ভুক্ত করা হয়নি। অবিলম্বে এই বৈষম্য নিরসনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তাদের জাতীয় বেতন স্কেলের আওতায় আনার দাবি জানান তারা।
কর্মসূচি থেকে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করে একটি প্রতিনিধি দলের মাধ্যমে সাক্ষাতের দাবি জানানো হয়। গ্রাম পুলিশের দাবি, তারা দেশের তৃণমূল পর্যায়ে প্রশাসনিক কার্যক্রম ও আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও অর্থনৈতিকভাবে বঞ্চনার শিকার। তাদের মর্যাদা ও অধিকার রক্ষায় দ্রুত সরকারি পদক্ষেপ গ্রহণ না করলে তারা আরও কঠোর কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দিয়েছেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন