রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বিমানের দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুন ১৩, ২০২৬, ০২:৫২ পিএম

বিমানের দীর্ঘদিনের সমস্যা দুই-তিন মাসে সমাধান সম্ভব নয়: বিমানমন্ত্রী

মানিকগঞ্জে মেডিকেল ক্যাম্প

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন যে রাষ্ট্রীয় বিমানের দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যাগুলো মাত্র দুই-তিন মাসের মধ্যে পুরোপুরি সমাধান করা সম্ভব নয়। তবে বিমানের যেসব অভ্যন্তরীণ কারিগরি ও প্রশাসনিক জটিলতা রয়েছে, সেগুলো থেকে যেন দ্রুত বের হয়ে আসা যায় সেই চেষ্টা নিরন্তর চলছে। 

রাষ্ট্রীয় এই বিমান সংস্থাকে বিশ্বদরবারে পুনরায় সুনামের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়াই বর্তমান প্রশাসনের মূল লক্ষ্য।শনিবার সকালে মানিকগঞ্জ সদরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।শহরের হরিজন পল্লি পুরাতন লঞ্চঘাট এলাকায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধনকালে মন্ত্রী এই মন্তব্য করেন। 

তিনি আরও বলেন যে বিদেশগামী ও প্রবাসী ভাই-বোনেরা যেন দেশের বিমানবন্দরগুলোতে আগের চেয়ে অনেক বেশি সুযোগ-সুবিধা পান, সেটি নিশ্চিত করাই তার মন্ত্রণালয়ের প্রধান কাজ। বিগত সময়ের তুলনায় বর্তমানে বিমানবন্দরগুলোর সার্বিক সেবার মান অনেকটাই উন্নত হয়েছে এবং কিছু মহল এই সুনাম নষ্ট করার জন্য নানামুখী অপপ্রচার চালাচ্ছে। প্রবাসীরা যেন দেশের মাটিতে পা দিয়েই নিজেদের নিরাপদ মনে করেন, সেই পরিবেশ বজায় রাখা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ তথা ড্যাবের জেলা শাখার চিকিৎসকরা উপস্থিত ছিলেন। ড্যাবের জেলা সভাপতি ডাক্তার বদরুল আলম চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ডাক্তার জিয়াউর রহমানের সঞ্চালনায় এই জনকল্যাণমূলক ক্যাম্প পরিচালিত হয়। জেলা জিয়া পরিষদ ও জিয়া স্মৃতি পাঠাগারের সার্বিক সহযোগিতায় স্থানীয় হাজারো দুস্থ রোগীকে বিনামূল্যে ওষুধ বিতরণ, ডায়াবেটিস পরীক্ষা, রক্তচাপ নির্ণয়সহ হৃদরোগ, শিশু ও গাইনি রোগের বিশেষ চিকিৎসা সেবা দেওয়া হয়। 

এই সময় স্থানীয় হরিজন ও রবিদাস সম্প্রদায়ের মানুষেরা বিপুল সংখ্যায় উপস্থিত হয়ে এই বিনামূল্যে চিকিৎসা সুবিধা গ্রহণ করেন।মন্ত্রী এই সময় অনগ্রসর হরিজন ও রবিদাস সম্প্রদায়ের লোকদের বিভিন্ন সামাজিক সমস্যা সমাধানের আশ্বাস দেন এবং তাদের সন্তানদের যোগ্যতা অনুযায়ী চাকরির ব্যাপারে আশ্বস্ত করেন। এই সেবামূলক কর্মসূচিতে জেলা সিভিল সার্জন ডাক্তার আইভি ফেরদৌস এবং জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আ ত ম জহির আলম লদিসহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।