বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সংসদের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজ গুরুত্বপূর্ণ নয়, স্পিকার

জাতীয় ডেস্ক

জুন ২৩, ২০২৬, ০৪:৪১ পিএম

সংসদের চেয়ে কোনো রাষ্ট্রীয় কাজ গুরুত্বপূর্ণ নয়, স্পিকার

জাতীয় সংসদ অধিবেশন চলাকালে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে কড়া নির্দেশ দিয়েছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। তিনি স্পষ্ট করে জানিয়েছেন যে রাষ্ট্রীয় যেকোনো গুরুত্বপূর্ণ কর্মকাণ্ডের চেয়ে চলমান সংসদ অধিবেশন সবচেয়ে বেশি গুরুত্ব পায় এবং অন্য সব দাপ্তরিক কাজের ওপর এটি সর্বোচ্চ অগ্রাধিকার পাবে।

মঙ্গলবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে সংসদ সদস্যদের দেওয়া বিভিন্ন বক্তব্যের জবাবে স্পিকার এই রুলিং দেন।এদিনের অধিবেশনে সংসদীয় ডাইরেক্টরি প্রকাশ ও বিরোধীদলীয় নেতার ক্ষোভসহ বিভিন্ন ইস্যু উঠে আসে।গুরুত্বপূর্ণ বাজেট আলোচনার সময় সংসদে সংশ্লিষ্ট মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিরোধীদলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেন, সংসদ সদস্যরা যখন নিজ নিজ এলাকার বিভিন্ন গণমুখী দাবি-দাওয়া বা হাসপাতালের মারাত্মক সমস্যা নিয়ে কথা বলেন, তখন সংশ্লিষ্ট মন্ত্রীরা উপস্থিত না থাকায় জনগণের কথাগুলো সরাসরি শোনা হয় না, যা অত্যন্ত হতাশাজনক। 

এর পরিপ্রেক্ষিতে স্পিকার মন্ত্রীরা যেন যথাসময়ে সংসদে উপস্থিত থাকেন এবং সংসদ সদস্যদের উত্থাপিত সমস্যার তাৎক্ষণিক প্রতিকারের চেষ্টা করেন, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন। এ ছাড়া অধিবেশন চলাকালে সংসদের ভেতরে ছোট ছোট গ্রুপে নিজস্ব আলাপ-আলোচনা না করার জন্যও সদস্যদের সতর্ক করা হয়।সংসদ সদস্য ডক্টর শফিকুল ইসলাম মাসুদ অভিযোগ করেন, মন্ত্রণালয়ের কোনো ডাইরেক্টরি না থাকায় সংসদ সদস্যরা ব্যক্তিগতভাবে দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে সমস্যার সম্মুখীন হচ্ছেন। 

জবাবে স্পিকার জানান, দুই হাজার ছাব্বিশ সালের সংসদীয় ডাইরেক্টরি প্রকাশের কাজ চলমান রয়েছে, তবে অনেক সদস্য এখনও ব্যক্তিগত তথ্য জমা না দেওয়ায় কাজে বিলম্ব হচ্ছে। একই সঙ্গে পয়েন্ট অব অর্ডারে প্রবীণ রাজনীতিবিদ মির্জা আব্বাসের শারীরিক অবস্থা ও শপথ গ্রহণ সম্পর্কে জানতে চাওয়া হলে স্পিকার জানান, তিনি চিঠির মাধ্যমে নিজের শারীরিক অবস্থা ক্রমাগত ভালো হওয়ার কথা জানিয়েছেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন গুজব বা আদালতে বিচারাধীন কোনো বিষয় নিয়ে আলোচনা করে সংসদের মূল্যবান সময় নষ্ট না করার জন্য স্পিকার সবাইকে নির্দেশ দেন।