রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

তারেক রহমান ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

জাতীয় ডেস্ক

জুন ২৪, ২০২৬, ০৩:২৫ পিএম

তারেক রহমান ও কাজাখস্তানের প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক

চীনের স্থানীয় সময় বুধবার সকাল সোয়া ১০টায় ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের গ্রীষ্মকালীন দাভোস সম্মেলনের সাইডলাইনে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান কাজাখস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। সম্পর্ক এগিয়ে নিতে দুই দেশের সরকারপ্রধান ঢাকা ও আস্তানায় স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে একমত হয়েছেন।

রাজনৈতিক ও ব্যবসায়িক যোগাযোগ বৃদ্ধির জন্য নিয়মিত বৈঠক আয়োজন করা উচিত বলে মত দেন তারা।

কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ উভয় দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে বৃহত্তর সম্পৃক্ততার সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন। দ্বিপাক্ষিক আলোচনায় বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানো, নবায়নযোগ্য জ্বালানি, digital অবকাঠামো, প্রযুক্তি, কৃষি ব্যবসা এবং খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে দুই দেশের বাণিজ্য সম্ভাবনা নিয়ে কথা হয়। এছাড়া পানি কূটনীতি নিয়ে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার কাজাখস্তানের প্রস্তাবে বাংলাদেশের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৈঠকে বাংলাদেশের প্রতিনিধিদলে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। এছাড়া অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনও এই দ্বিপাক্ষিক আলোচনায় অংশ নেন।