জুন ২৪, ২০২৬, ০৫:১৮ পিএম
আগামী ২০২৬-২৭ অর্থবছরে মুদিদোকান ও প্রসাধনসামগ্রীর দোকানসহ বেশ কিছু ব্যবসায়িক খাতকে মূল্য সংযোজন কর বা ভ্যাটের সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা করছে সরকার। আজ বুধবার জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার এক লিখিত প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এই তথ্য জানান।স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে অধিবেশনের শুরুতে প্রশ্নোত্তর টেবিলে এই জবাব উপস্থাপন করা হয়।
সংসদে উপস্থাপিত তথ্য অনুযায়ী, আগামী অর্থবছরে যেসব ব্যবসায়িক খাতকে এই সুনির্দিষ্ট করের আওতায় আনার পরিকল্পনা রয়েছে তার মধ্যে তৈরি পোশাক ও কাপড় বিক্রেতা, কনফেকশনারি, প্লাস্টিক ও সিরামিকের গৃহস্থালি পণ্য, জুতার দোকান এবং হার্ডওয়্যার পণ্যের বিক্রেতারা রয়েছেন।
এছাড়া ডেকোরেটরস, মুঠোফোন, এসি, ফ্রিজ, ওভেনসহ অন্যান্য ইলেকট্রনিকস সামগ্রীর দোকানও এই নতুন তালিকার অন্তর্ভুক্ত করা হয়েছে। পেইন্ট, স্যানিটারি ফিটিংস, টাইলস, ঢেউটিন, রড ও সিমেন্টের দোকানসহ ফার্নিচার ব্যবসা, মিষ্টান্ন ভান্ডার এবং রেস্তোরাঁকেও এই ব্যবস্থার আওতায় আনার কথা ভাবা হচ্ছে।
বিগত বছরগুলোর রাজস্ব আদায়ের চিত্র তুলে ধরে অর্থমন্ত্রী সংসদে জানান, ২০২৪-২৫ অর্থবছরে ভ্যাট বাবদ মোট ১ লাখ ৪১ হাজার ৫৮৬ কোটি টাকা রাজস্ব আদায় সম্ভব হয়েছে। দেশের অভ্যন্তরীণ করের পরিধি বাড়াতে এবং ক্ষুদ্র ও মাঝারি ব্যবসা খাতকে সুশৃঙ্খল রাজস্ব কাঠামোর মধ্যে আনতেই মূলত এই নতুন পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করা হচ্ছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন