জুন ২৫, ২০২৬, ০৭:৫৭ পিএম
বিগত স্বৈরাচারী সরকারের পক্ষে যারা গণমাধ্যমে বিভিন্ন সময়ে সাফাই গেয়েছেন এবং গুম ও খুনের ঘটনার বৈধতা তৈরি করেছেন, তাদের বিরুদ্ধে কঠোর সুবিচার নিশ্চিত করার দাবি জানানো হয়েছে। বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের সাধারণ আলোচনায় অংশ নিয়ে এই দাবি জানান কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। একই সাথে একটি নির্দিষ্ট প্রভাবশালী শিল্প গ্রুপের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন বা দুদকের দায়ের করা মামলার অগ্রগতির বর্তমান অবস্থা জনগণের সামনে প্রকাশের আহ্বান জানান তিনি।
সংসদে দাঁড়িয়ে অর্থ পাচার ও সুশাসনের পক্ষে কথা বললেন হাসনাত আবদুল্লাহ।তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে শিল্পগ্রুপের কর্তাব্যক্তিরা দেশে ঢোকার সাহস পাননি, বর্তমান নির্বাচিত সরকারের সময় তাদের সদর্পে ফিরে আসা নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
তলে তলে কোনো ধরনের আপস বা সমঝোতা হয়েছে কি না, তা স্পষ্ট করার তাগিদ দিয়ে তিনি বলেন, সমঝোতা না হয়ে থাকলে আইনি পদক্ষেপ নিতে বাধা কোথায় তা প্রকাশ করা উচিত। যারা অতীতে জনগণের সম্পদ দখল করেছে, বিদেশে বিপুল পরিমাণ টাকা পাচার করেছে এবং মিডিয়াকে ব্যবহার করে স্বৈরাচারের খুনের রাজনীতিকে বৈধতা দিয়েছে, তাদের খুঁটির জোর কোথায় তা খতিয়ে দেখতে হবে।
বক্তব্যে তিনি আরও উল্লেখ করেন, প্রতিহিংসামূলক পদক্ষেপ আর প্রকৃত সুবিচার নিশ্চিত করা এক বিষয় নয়। রাজনৈতিক দলগুলোর উদ্দেশ্যে তিনি বলেন, যারা অতীতে গুম ও খুনের পক্ষে অবস্থান নিয়েছিল, তাদের বিরুদ্ধে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে স্পষ্ট ও কঠোর অবস্থান দেখতে চায় সাধারণ মানুষ। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের রাজনীতিতে যে প্রতিশোধপরায়ণ না হওয়ার নীতি গ্রহণ করেছেন, তাকে স্বাগত জানিয়ে তিনি স্পষ্ট করেন যে অপরাধীদের বিচার নিশ্চিত করাই হলো সুশাসনের মূল ভিত্তি।আইনের শাসন ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য এই তদন্তের অগ্রগতি দেশের সব নাগরিকের সামনে নিয়ে আসার দাবি জানিয়ে তিনি বক্তব্য শেষ করেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন