জুন ২৫, ২০২৬, ০৮:০১ পিএম
বাংলাদেশ ও চীনের মধ্যে তথ্য ও গণমাধ্যম খাতে সহযোগিতা জোরদার করার লক্ষ্যে চারটি গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার চীনের বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান এবং চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের উপস্থিতিতে এই চুক্তিগুলো সই হয়। বাংলাদেশ সরকারের পক্ষে সমঝোতা স্মারকগুলোতে স্বাক্ষর করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
চীনের বিখ্যাত সিনহুয়া নিউজ এজেন্সি ও চায়না মিডিয়া গ্রুপের প্রধানদের সাথে এই প্রাতিষ্ঠানিক অংশীদারিত্ব গড়ে তোলা হয়েছে।দুই দেশের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে চার সমঝোতা স্মারক সই হলো।স্বাক্ষরিত এই চুক্তিগুলোর আওতায় বাংলাদেশ ও চীনের মধ্যে সংবাদ ও তথ্য বিনিময়ে দ্বিপাক্ষিক সহযোগিতা এবং গণমাধ্যম খাতে দীর্ঘমেয়াদি অংশীদারিত্বের নতুন পথ উন্মোচন হবে।
একই সাথে গ্লোবাল সাউথভুক্ত দেশগুলোর গণমাধ্যম বিষয়ে যৌথ গবেষণা, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং সম্প্রচার ক্ষেত্রে পারস্পরিক অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ আরও সম্প্রসারিত হবে বলে জানানো হয়েছে। এই রাষ্ট্রীয় উদ্যোগ দুই দেশের বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করবে এবং তথ্য আদান-প্রদানে পারস্পরিক সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করছেন নীতিনির্ধারকেরা।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর চলমান এই গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সফরে যুক্ত হতে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন গত ২৩ জুন চীনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছিলেন। দুই দেশের প্রধানমন্ত্রীদের মধ্যকার উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠক শেষে এই চুক্তিগুলো সইয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হয়। সফরসূচি অনুযায়ী, প্রধানমন্ত্রী এবং তার উচ্চপর্যায়ের প্রতিনিধিদল আগামী শুক্রবার রাতে চীনের বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন