জুন ২৬, ২০২৬, ১২:১২ পিএম
চীনের ঐতিহাসিক তিয়েনআনমেন স্কয়ারে অবস্থিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশটির স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে চীনের বিপ্লবী বীরদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি এই পুষ্পস্তবক অর্পণ করেন এবং সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।আজ সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
পুষ্পস্তবক অর্পণের সময় দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং বিউগলে শ্রদ্ধার সুর বাজানো হয়। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন, পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর ও পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
এছাড়া শিক্ষা ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন এবং প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিদলও শ্রদ্ধাসভায় অংশ নেন।চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন। রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে আজ বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠক হওয়ার কথা রয়েছে।
এছাড়া চীনের জাতীয় গণকংগ্রেসের স্থায়ী কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও তাঁর বৈঠকের সূচি নির্ধারিত আছে।এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২১ জুন প্রথম সরকারি বিদেশ সফর হিসেবে মালয়েশিয়া যান। পরে তিনি বিশ্ব অর্থনৈতিক ফোরামের বৈঠকে অংশ নিতে চীনের দালিয়ান শহরে পৌঁছান এবং সেখানে দুই দিনের বিভিন্ন কর্মসূচি শেষ করে গত বুধবার বিকেলে বেইজিংয়ে আসেন।
গতকাল বৃহস্পতিবার বেইজিংয়ে বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপক্ষীয় বৈঠকের পর বাণিজ্য, বিনিয়োগ ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। একই দিনে বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির মধ্যে বেইজিংয়ের রাষ্ট্রীয় অতিথিশালায় একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। সফরকালে প্রধানমন্ত্রী একটি বিনিয়োগ সম্মেলনেও বক্তব্য দেন এবং চীনের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন।
মালয়েশিয়া সফর ও বিশ্ব অর্থনৈতিক ফোরামে অংশগ্রহণের মতো এই সফরেও প্রধানমন্ত্রী মাত্র ২৫ সদস্যের একটি ছোট প্রতিনিধিদল নিয়ে সফর করছেন। রাষ্ট্রীয় এই সফর শেষে আজ বিকেলেই বেইজিং থেকে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন