জুলাই ১, ২০২৬, ১০:০০ পিএম
দেশে নিবিড় পরিচর্যা কেন্দ্র বা আইসিইউ সেবার সংকট উদ্বেগজনকভাবে বাড়ছে উল্লেখ করে গ্রামীণ এলাকায় জরুরি স্বাস্থ্যসেবা দ্রুত সম্প্রসারণের তাগিদ দিয়েছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ডা. জুবাইদা রহমান। তিনি বলেন, দেশের ৬৮ থেকে ৭০ শতাংশ মানুষ গ্রামে বসবাস করলেও জীবনরক্ষাকারী নিবিড় পরিচর্যা সুবিধার ৮০ থেকে ৯০ শতাংশই রাজধানী ও বড় শহরগুলোতে কেন্দ্রীভূত হয়ে আছে। গতকাল বুধবার বিকেলে রাজধানীর একটি অভিজাত হোটেলে বাংলাদেশ সোসাইটি অব ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনের জাতীয় সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দেশের ৬৪টি জেলার মধ্যে ৩৮টি জেলাতেই বর্তমানে কোনো ধরনের আইসিইউ শয্যা নেই।শহরের সাথে গ্রামীণ এলাকার এই চিকিৎসাগত বৈষম্য দূর করতে প্রতিটি জেলা ও সদর হাসপাতালে জরুরি ভিত্তিতে নিবিড় পরিচর্যা কেন্দ্র স্থাপনের জোর দাবি জানান ডা. জুবাইদা রহমান। তিনি দেশের ভঙ্গুর স্বাস্থ্য খাতের পরিসংখ্যান তুলে করে বলেন, বর্তমানে প্রতি এক লাখ মানুষের জন্য দেশে মাত্র ১ দশমিক ৭টি নিবিড় পরিচর্যা শয্যা এবং মাত্র ৯টি সাধারণ শয্যা রয়েছে। এই চরম সংকটের কারণে প্রত্যন্ত অঞ্চলের সাধারণ মানুষ আধুনিক ও জীবনরক্ষাকারী জরুরি চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন। দেশের সামগ্রিক চিকিৎসা ব্যবস্থার এই অতিরিক্ত ঢাকাকেন্দ্রীভূত রূপ পরিবর্তন করা এখন সময়ের দাবি।
চিকিৎসা খাতের এই সংকটের বিভিন্ন দিক তুলে ধরে তিনি বলেন, দেশে শুধু শয্যারই ঘাটতি নেই, বরং বিশেষজ্ঞ অ্যানেসথেসিওলজিস্ট, হৃদরোগ ও স্নায়ুরোগ বিশেষজ্ঞসহ দক্ষ নার্স এবং বিশেষায়িত যন্ত্রপাতিরও তীব্র অভাব রয়েছে। এর ফলে প্রত্যন্ত অঞ্চলে জরুরি সময়ে নবজাতক, গর্ভবতী নারী, নিউমোনিয়া বা স্ট্রোকে আক্রান্ত প্রবীণ ব্যক্তি এবং সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত রোগীরা অকালমৃত্যুর শিকার হচ্ছেন।
এই সংকটময় পরিস্থিতির উত্তরণে উন্নত সুযোগ-সুবিধাসম্পন্ন অ্যাম্বুলেন্স সেবার ওপর বিশেষ গুরুত্বারোপ করে তিনি বলেন, আধুনিক অ্যাম্বুলেন্সের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের রোগীদের দ্রুত জেলা হাসপাতালে স্থানান্তর করা সম্ভব। অনুষ্ঠানে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।অনুষ্টানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন, স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং স্বাস্থ্যসচিব কামরুজ্জামান চৌধুরী।
এ পদত্যাগ ছাড়াও বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী, সোসাইটির সভাপতি অধ্যাপক ডা. আরিফ আহসান এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. হারুন অর রশীদসহ দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকেরা উপস্থিত ছিলেন। চিকিৎসা খাতের এই গুরুত্বপূর্ণ জাতীয় সম্মেলনে সংশ্লিষ্ট সকল মহলকে একযোগে গ্রামীণ স্বাস্থ্যসেবার মান উন্নয়নে কাজ করার আহ্বান জানানো হয়।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন