বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

উদ্যোক্তাদের ঋণসহায়তার আশ্বাস দিলেন মির্জা ফখরুল

রবিউল এহ্সান রিপন

জুলাই ৩, ২০২৬, ১২:০৬ পিএম

উদ্যোক্তাদের ঋণসহায়তার আশ্বাস দিলেন মির্জা ফখরুল

ছবি : দিনাজপুর টিভি

উদ্ভাবনী কাজে নিয়োজিত উদ্যোক্তাদের জন্য কম সুদে ঋণের ব্যবস্থা করতে ব্যাংকগুলোর সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।শুক্রবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী এলাকায় উদ্ভাবক সলেমান আলীর তৈরি সোলার সেচ পাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, রাস্তাঘাট বা অবকাঠামো নির্মাণের বাইরেও প্রকৃত উন্নয়ন হলো মানুষের আয় বৃদ্ধি, নতুন উদ্ভাবন এবং সফল উদ্যোক্তা তৈরি। মানুষের নিজের আয় বাড়ানোর পাশাপাশি অন্য মানুষের কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরি করতে হবে। তিনি আরও বলেন, মানুষ যদি নতুন উদ্ভাবনে মনোযোগী হয় এবং ব্যবসায় সফল হয়, তবেই দেশের সামগ্রিক অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে।

উদ্ভাবক সলেমান আলীর প্রশংসা করে মির্জা ফখরুল জানান, তার এই উদ্ভাবনী কাজ দেশের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, এ ধরনের উদ্ভাবনী উদ্যোগে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে তিনি প্রয়োজনীয় সব ধরণের আলোচনা করবেন। সলেমান আলী নিজের চেষ্টায় যে প্রযুক্তিনির্ভর সেচ পাম্প তৈরি করেছেন, তা খামারের বিদ্যুতের চাহিদা পূরণে সহায়ক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।অনুষ্ঠানে ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক রফিকুল হক, পুলিশ সুপার বেলাল হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।