জুলাই ৫, ২০২৬, ০২:৪৭ পিএম
বর্তমান সরকার প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট (পিজিআর) ও এসএসএফের মতো বিশেষায়িত বাহিনীগুলোকে আরও আধুনিকায়নের পরিকল্পনা হাতে নিয়েছে। রোববার ঢাকা সেনানিবাসে পিজিআর-এর ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান এ কথা জানান। অনুষ্ঠানে তিনি বাহিনীটির সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের পেশাগত দক্ষতার ভূয়সী প্রশংসা করেন।
নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি জনগণের সঙ্গে সংযোগ বজায় রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।বক্তব্যের শুরুতে প্রধানমন্ত্রী পিজিআর-এর সকল শহীদ সদস্যদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেন এবং তাদের মাগফিরাত কামনা করেন। তিনি বলেন, দায়িত্ব পালনের সময় জীবনের ঝুঁকি নিয়ে রাষ্ট্র ও সরকার প্রধানের নিরাপত্তা নিশ্চিত করার যে দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন, তা পিজিআর সদস্যদের জন্য চিরকাল অনুপ্রেরণা হয়ে থাকবে। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গের নিরাপত্তার পাশাপাশি রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা পালনে বাহিনীটির বিশ্বস্ততা ও নিষ্ঠার কথা তিনি বিশেষভাবে উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, ভূ-রাজনৈতিক পরিবর্তন ও তথ্যপ্রযুক্তির অবাধ বিকাশে বর্তমানে বহুমাত্রিক নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি হয়েছে। সাইবার যুদ্ধ, ড্রোন প্রযুক্তি কিংবা তথ্যযুদ্ধ মোকাবিলায় বিশেষায়িত বাহিনীগুলোকে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে সার্বক্ষণিক প্রস্তুত থাকা জরুরি। তিনি পিজিআর-এর সুশৃঙ্খলতার স্বীকৃতি স্বরূপ ‘ন্যাশনাল স্ট্যান্ডার্ড’ পুরস্কার প্রাপ্তির জন্য বাহিনীকে অভিনন্দন জানান।
নিরাপত্তা কৌশলের ভারসাম্য রক্ষায় প্রধানমন্ত্রী বলেন, ব্যাপক জনসমাগমের মধ্যে নিরাপত্তা বজায় রাখা চ্যালেঞ্জিং। তবে নিরাপত্তা কৌশল এমনভাবে বিন্যাস করা উচিত যাতে সরকারপ্রধান কখনোই জনগণ থেকে বিচ্ছিন্ন না হন। তিনি জনগণের ভালোবাসার ওপর আস্থার কথা ব্যক্ত করে বলেন, নিরাপত্তা যাতে সরকারপ্রধানকে জনগণ থেকে দূরে ঠেলে না দেয়, সেদিকে বিশেষভাবে নজর দিতে হবে। সশস্ত্র বাহিনীর দেশপ্রেম ও নিয়মানুবর্তিতাই দেশের সার্বভৌমত্ব রক্ষার মূল শক্তি।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন