জুলাই ৬, ২০২৬, ০৯:৩৬ পিএম
রাজধানী ঢাকায় আয়োজিত একটি আন্তর্জাতিক সেমিনারে কাশ্মীর ইস্যুতে ভারত ও পাকিস্তানের কূটনীতিকরা মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছেন। সোমবার বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস) আয়োজিত এক সেমিনারে এই ঘটনা ঘটে।
সেমিনারে ‘রিবিল্ডিং ট্রাস্ট, রিনিউইং রিজিওনাল ইন্টিগ্রেশন: পাথওয়েজ ফর রিভাইটালাইজিং সার্ক’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করছিলেন রাষ্ট্রদূত তারিক এ করিম। উপস্থাপনার সময় তিনি দক্ষিণ এশিয়ার একটি মানচিত্র প্রদর্শন করেন। মানচিত্রটি দেখানোর পরপরই সেমিনারে উপস্থিত ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব পূজা কুমারী ঝা এর প্রতিবাদ জানান।
পূজা কুমারী বলেন, উপস্থাপিত মানচিত্রটি সঠিক নয়। জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ, যা মানচিত্রে সঠিকভাবে দেখানো হয়নি বলে তিনি মন্তব্য করেন। এর জবাবে রাষ্ট্রদূত তারিক এ করিম জানান, মানচিত্রটি কেবল উপস্থাপনার সুবিধার্থে ব্যবহার করা হয়েছে এবং এটি কোনো নির্দিষ্ট সীমারেখা নির্দেশ করে না।
এক পর্যায়ে রাষ্ট্রদূত তারিক এ করিম পূজা কুমারীর পরিচয় জানতে চাইলে তিনি নিজেকে ভারতীয় হাইকমিশনের দ্বিতীয় সচিব হিসেবে পরিচয় দেন। ঘটনার পরপরই সেমিনারে উপস্থিত পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার এ বিষয়ে বক্তব্য দেওয়ার চেষ্টা করেন। তবে রাষ্ট্রদূত তারিক এ করিম সেমিনার শেষে এ নিয়ে আলোচনার পরামর্শ দিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। পরে পূজা কুমারী ঝা সেমিনার শেষ হওয়ার আগেই কক্ষ ত্যাগ করেন।
সেমিনারের পর পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার ভারতের সংকীর্ণ মানসিকতার সমালোচনা করে বলেন, এ ধরনের অবস্থানের কারণেই সার্কের মতো আঞ্চলিক প্রতিষ্ঠানগুলো কার্যকর হতে পারছে না।
কাশ্মীর ইস্যু ভারত ও পাকিস্তানের দীর্ঘদিনের বিরোধের কেন্দ্রবিন্দু। দুই দেশই অঞ্চলটিকে তাদের নিজস্ব ভূমি বলে দাবি করে। ১৯৪৭ সাল থেকে এ নিয়ে উভয় দেশের মধ্যে তিনটি বড় যুদ্ধ হয়েছে। সোমবার ঢাকায় সেমিনারের এই ঘটনা সেখানে উপস্থিত দর্শকদের মধ্যে অস্বস্তির সৃষ্টি করেছে। অনেকে মন্তব্য করেছেন, কূটনৈতিক শিষ্টাচার মেনে বিষয়টি পরে উপস্থাপন করা যেত।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন