জুলাই ৭, ২০২৬, ০২:৫৪ পিএম
বাংলাদেশ সেনাবাহিনীর গ্রীষ্মকালীন মহড়া পরিদর্শনে আজ মঙ্গলবার সকালে আকস্মিকভাবে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধানমন্ত্রী সেনাবাহিনীর প্রশিক্ষণ এলাকায় সশরীরে উপস্থিত হয়ে সেনাসদস্যদের সাথে দীর্ঘ সময় অতিবাহিত করেন।
সকাল ৯টা ২০ মিনিটে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ৯ম পদাতিক ডিভিশনের ৮ বীর-এর প্রশিক্ষণ এলাকায় পৌঁছান প্রধানমন্ত্রী। তিনি পুরো প্রশিক্ষণ এলাকা বিস্তীর্ণ পথ পায়ে হেঁটে পরিদর্শন করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত জিওসি ও সিও তাকে কৌশলগত প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। প্রধানমন্ত্রী অত্যন্ত মনোযোগের সঙ্গে কমান্ডারের অপারেশনাল নির্দেশনা শোনেন এবং সেনাসদস্যদের পরিচালিত একটি রেইড মহড়া প্রত্যক্ষ করেন।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী রণকৌশল, সমরাস্ত্রের ব্যবহার এবং সেনাসদস্যদের বাঙ্কারে অবস্থান ও ছদ্মবেশে থাকার বিভিন্ন দিক ঘুরে দেখেন। তিনি বাঙ্কারে নেমে সরাসরি কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে উৎসাহিত করেন। মহড়ায় অংশগ্রহণকারী সেনাসদস্যদের জন্য প্রস্তুত খাবার ও চা পান করেন প্রধানমন্ত্রী।
পরে সেনাসদস্যদের উদ্দেশে বক্তব্যে প্রধানমন্ত্রী দেশের প্রয়োজনে সেনাবাহিনীর গৌরবময় ভূমিকার প্রশংসা করেন। তিনি পেশাদারিত্ব ও শৃঙ্খলা বজায় রেখে সর্বোচ্চ প্রস্তুতি নিশ্চিত করার নির্দেশ দেন। পরিদর্শনকালে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন