জুলাই ৭, ২০২৬, ০৮:১৫ পিএম
পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি রোধ ও প্রশ্নপত্রের সর্বোচ্চ গোপনীয়তা নিশ্চিত করতে কঠোর শাস্তির বিধান রেখে জাতীয় সংসদে নতুন বিল পাস হয়েছে। মঙ্গলবার ‘পাবলিক এক্সামিনেশনস (অফেন্সেস) (অ্যামেন্ডমেন্ট) বিল-২০২৬’ কণ্ঠভোটে পাস হয়।
নতুন এই আইন অনুযায়ী, পাবলিক পরীক্ষায় ডিজিটাল কারসাজি করলে সর্বোচ্চ পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। এছাড়া পরীক্ষা কেন্দ্রে নিষিদ্ধ ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ বা পরীক্ষার শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত হলে একই শাস্তি ভোগ করতে হবে। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে সংসদ অধিবেশনে এই বিলটি উত্থাপন ও পাস করা হয়।
একই অধিবেশনে বগুড়া বিশ্ববিদ্যালয় স্থাপনের লক্ষ্যে ‘বগুড়া বিশ্ববিদ্যালয় আইন-২০২৬’ নামে আরেকটি বিল সংসদে উত্থাপন করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ২০০১ সালের আগের আইনের পরিবর্তে নতুন এই আইনটি বগুড়ায় বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল, কৃষি ও চিকিৎসাসহ জ্ঞান-বিজ্ঞানের বিভিন্ন শাখায় শিক্ষা ও গবেষণার সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রণয়ন করা হচ্ছে। বিলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন