রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

বন্যা পরিস্থিতি জানাতে কন্ট্রোল রুম চালু করল পানি উন্নয়ন বোর্ড

জাতীয় ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ১১:৫২ পিএম

বন্যা পরিস্থিতি জানাতে কন্ট্রোল রুম চালু করল পানি উন্নয়ন বোর্ড

দেশের বিভিন্ন জেলায় অতি ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ও সম্ভাব্য আকস্মিক বন্যা পরিস্থিতি মোকাবিলায় কন্ট্রোল রুম চালু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের অধীনে এই কন্ট্রোল রুমটি সার্বক্ষণিক কার্যক্রম পরিচালনা করবে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হানের স্বাক্ষর করা এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়েছে।গতকাল ৮ জুলাই থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই কার্যক্রম চলবে।

রাজধানীর গ্রীন রোডে অবস্থিত পানি ভবনের দ্বিতীয় তলায় কেন্দ্রটির কার্যালয়ে দিনরাত এই কন্ট্রোল রুম চালু থাকবে। এখান থেকে সংশ্লিষ্ট ব্যক্তি ও গণমাধ্যমকর্মীদের দেশের বিভিন্ন নদ-নদীর বন্যা পরিস্থিতি ও পূর্বাভাস সংক্রান্ত তথ্য সরবরাহ করা হবে। দুর্যোগপূর্ণ এই সময়ে সঠিক তথ্যপ্রবাহ নিশ্চিত করাই এর মূল লক্ষ্য।

যোগাযোগের জন্য ০১৩১৮২৩৪৯৬২, ০১৩১৮২৩৪৯৬৩, ০১৩২১১৩৯৫৪২ ও ০১৭০৯৬৫৪৭৯১ নম্বরে ফোন করা যাবে। এছাড়া তথ্য জানার জন্য [email protected] এবং [email protected] ই-মেইল ঠিকানায় যোগাযোগ করা সম্ভব। সংশ্লিষ্টরা জানিয়েছেন, পরিস্থিতির ওপর নজর রেখে সার্বক্ষণিক তথ্য হালনাগাদ করা হবে।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ও জরুরি প্রয়োজনে সাধারণ মানুষকেও এই নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। সাম্প্রতিক অতি বৃষ্টিপাতের কারণে যেসব এলাকা ঝুঁকিতে রয়েছে, সেখানে নজরদারি বাড়ানো হয়েছে। পানি উন্নয়ন বোর্ড বন্যা মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।