শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

সরকারি প্রকল্পে কোনো সিন্ডিকেট থাকবে না: আইনমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ১০, ২০২৬, ১০:১৪ পিএম

সরকারি প্রকল্পে কোনো সিন্ডিকেট থাকবে না: আইনমন্ত্রী

সরকারি দপ্তর ও সরকারের কোনো উন্নয়ন প্রকল্পে দলীয় কোনো সিন্ডিকেট থাকবে না বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। শুক্রবার ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। দুর্যোগ বা দুর্যোগকালীন পরিস্থিতির সুযোগ নিয়ে কোনো অসাধু চক্র যাতে অপরাধমূলক কর্মকাণ্ডে জড়াতে না পারে, সে বিষয়ে তিনি কঠোর নির্দেশনা দেন।

তিনি বলেন, সরকারি প্রকল্পে দলীয় পরিচয়ে সুবিধা নেওয়ার সুযোগ নেই।মন্ত্রী বলেন, আমরা ক্ষমতায় আছি, নিশ্চয়ই আমাদের দলের নেতাকর্মীরা কিছু সুবিধা পাবেন। তবে এমন কোনো সুবিধা কাউকে দেওয়া হবে না যা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করে। কেউ যদি মনে করেন বিগত সরকারের সময়কার মতো লুটপাটের সুযোগ এখানেও পাবেন, তবে তারা ভুলের স্বর্গে বসবাস করছেন। 

তিনি স্পষ্টভাবে জানান, সরকারি দপ্তরে চাঁদাবাজি বা দুর্নীতি কোনোভাবেই বরদাশত করা হবে না।চাঁদাবাজদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে মন্ত্রী বলেন, দলীয় পরিচয় কোনো অপরাধীকে রক্ষা করতে পারবে না। অপরাধী যে দলেরই হোক, তার পরিচয় অপরাধী। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদাহরণ উল্লেখ করে তিনি বরিশালের একটি সাম্প্রতিক ঘটনার কথা তুলে ধরেন। কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িতদের আইনের আওতায় আনার বিষয়ে প্রশাসনকে কঠোর নির্দেশনা দিয়েছেন তিনি।

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উন্নয়ন প্রসঙ্গে মন্ত্রী বলেন, ৫০ শয্যা বিশিষ্ট এই হাসপাতালটির শয্যা সংখ্যা বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকার বদ্ধপরিকর। সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশীষ বিন হাছান, সিভিল সার্জন ডা. মো. কামরুজ্জামানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং স্থানীয় নেতৃবৃন্দ।