জুলাই ১১, ২০২৬, ১১:৩৯ এএম
ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার বেলা ১১টার দিকে এই আয়োজনে অংশ নিয়ে তিনি ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন।সকাল সোয়া ১০টার দিকে প্রধানমন্ত্রী ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান। এ সময় তার সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষক, শিক্ষার্থী ও চিকিৎসকদের মাঝে আনন্দঘন পরিস্থিতি লক্ষ্য করা গেছে।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনে প্রধানমন্ত্রী স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় দুটি নতুন ছাত্রী হোস্টেলের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। এর মাধ্যমে আবাসন সংকট নিরসনে একটি বড় পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।মূল অনুষ্ঠানের অংশ হিসেবে পরবর্তীতে একটি আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সেখানে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম, ইতিহাস এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন প্রধানমন্ত্রী।
ঢাকা মেডিকেল কলেজ দেশের চিকিৎসা শিক্ষার অন্যতম কেন্দ্র। দীর্ঘ আট দশকের পথচলায় এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার চিকিৎসক দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো ক্যাম্পাসকে সাজানো হয়েছে নতুন সাজে।দীর্ঘদিন পর প্রধানমন্ত্রীর এমন সরাসরি অংশগ্রহণ ও নতুন প্রকল্প উদ্বোধনের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ নতুন প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী ক্যাম্পাসের সামগ্রিক পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন বলেও জানা গেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন