রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রীর সফর, নতুন হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১১, ২০২৬, ০৩:২২ পিএম

ঢাকা মেডিকেলে প্রধানমন্ত্রীর সফর, নতুন হোস্টেলের ভিত্তিপ্রস্তর স্থাপন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

ঢাকা মেডিকেল কলেজের ৮০ বছর পূর্তি ও ৮১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত ডিএমসি-ডে ২০২৬ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে তিনি ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছে এই কর্মসূচির সূচনা করেন।সকাল ১০টার দিকে গুলশানের বাসভবন থেকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ ক্যাম্পাসে পৌঁছান প্রধানমন্ত্রী। তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ও ঢাকা মেডিকেল কলেজের প্রাক্তন শিক্ষার্থী ডা. জুবাইদা রহমান। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো মেডিকেল কলেজ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের শুরুতে তিনি শহীদ মিলন চত্বরে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এরপর ক্যাম্পাসে স্মারক বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন প্রধানমন্ত্রী।অনুষ্ঠানের একপর্যায়ে স্বাস্থ্য অধিদপ্তরের ‘২০ হোস্টেল প্রকল্প’-এর আওতায় ঢাকা মেডিকেল কলেজে দুটি নতুন ছাত্রী হোস্টেল নির্মাণের উপস্থাপন তুলে ধরা হয়। আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই হোস্টেল নির্মাণ প্রকল্পের বিভিন্ন দিক সম্পর্কে বিস্তারিত ধারণা নেন প্রধানমন্ত্রী। আবাসন সংকট নিরসনে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে যাচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

ডিএমসি-ডে ২০২৬ উপলক্ষে আয়োজিত ‘বাংলাদেশের স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়নে ডিএমসিয়ানদের ভাবনা’ শীর্ষক বিশেষ আলোচনা সভায় অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি চিকিৎসকদের উদ্দেশ্য করে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।

ঢাকা মেডিকেল কলেজ দেশের চিকিৎসা শিক্ষার অন্যতম কেন্দ্র। দীর্ঘ আট দশকের পথচলায় এই প্রতিষ্ঠান থেকে হাজার হাজার চিকিৎসক দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পুরো ক্যাম্পাসকে সাজানো হয়েছে নতুন সাজে। প্রধানমন্ত্রীর সরাসরি অংশগ্রহণ ও উন্নয়ন প্রকল্প উদ্বোধনের মাধ্যমে ঢাকা মেডিকেল কলেজ নতুন প্রাণচাঞ্চল্য ফিরে পেয়েছে বলে মনে করছেন শিক্ষক ও শিক্ষার্থীরা।