জুলাই ১৩, ২০২৬, ১১:০৯ এএম
এই বছরের মধ্যে প্রতিটি উপজেলা হাসপাতালে ক্যাথ ল্যাব স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। একই সঙ্গে স্বাস্থ্যখাতে এক লাখ নতুন স্বাস্থ্যকর্মী নিয়োগের প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।রোববার (১২ জুলাই) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক আলোচনা সভায় স্বাস্থ্যমন্ত্রী এসব পরিকল্পনার কথা তুলে ধরেন।
স্বাস্থ্যমন্ত্রী জানান, নতুন নিয়োগপ্রাপ্তদের মধ্যে ৮০ হাজার জনই হবেন নারী স্বাস্থ্যকর্মী। তারা সরাসরি বাড়ি বাড়ি গিয়ে মায়েদের প্রসবপূর্ব ও প্রসবপরবর্তী কাউন্সেলিং করবেন। এই কার্যক্রমের মূল উদ্দেশ্য হলো প্রসূতি মায়েদের সচেতনতা বৃদ্ধি, স্বাভাবিক প্রসব উৎসাহিত করা, নবজাতকের মায়ের বুকের দুধ পান করানোর হার বাড়ানো এবং শিশুদের সঠিক পুষ্টি নিশ্চিত করা।
চিকিৎসা ক্ষেত্রে সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সরকার কঠোর অবস্থানে রয়েছে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তিনি বলেন, ভুল পরীক্ষার ফাঁদ বন্ধ করতে সরকার কাজ করছে। পরীক্ষা পরিচালনার জন্য দক্ষ টেকনিশিয়ান প্রস্তুত করা হচ্ছে যাতে জনগণের স্বাস্থ্য বিঘ্নিত না হয়।
প্রতিটি জেলা মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার স্থাপনের কার্যক্রম চলমান রয়েছে। এছাড়া গরিব মানুষকে যেন চিকিৎসার জন্য ঢাকা বা বিভাগীয় শহরে দৌড়াতে না হয়, সে লক্ষ্যে প্রতিটি উপজেলা হাসপাতালেও ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হচ্ছে।
তৃণমূল পর্যায়ে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকার বিভিন্ন মেগা পরিকল্পনা হাতে নিয়েছে। চলতি অর্থবছর থেকেই প্রতিটি গ্রাম ও প্রত্যন্ত অঞ্চলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে ব্যাপক কার্যক্রম শুরু হচ্ছে। দেশের প্রতিটি ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার, স্বাস্থ্য সহকারী কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক সংস্কার করা হবে। প্রতিটি কেন্দ্রে উন্নত স্ক্রিনিং বক্সের ব্যবস্থাও রাখা হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন