রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন সংসদে বিরোধীদলের ওয়াকআউট

জাতীয় ডেস্ক

জুলাই ১৩, ২০২৬, ০৯:৫৯ পিএম

সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠন সংসদে বিরোধীদলের ওয়াকআউট

ছবি - সংগৃহীত

সংবিধান সংস্কার পরিষদকে পাশ কাটিয়ে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রতিবাদে ওয়াকআউট করেছে বিরোধীদল। সোমবার রাতে কমিটি গঠনের প্রক্রিয়া চলাকালে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের নেতৃত্বে বিরোধীদলের সদস্যরা সংসদ কক্ষ ত্যাগ করেন।সংসদ অধিবেশনে উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই ওয়াকআউটের ঘটনা ঘটে।

চিফ হুইপ নুরুল ইসলাম সংসদ নেতার পক্ষে প্রস্তাবিত কমিটির নাম উত্থাপন করেন। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে সভাপতি করে এই বিশেষ কমিটি গঠন করা হয়েছে। পূর্বঘোষণা অনুযায়ী ১৭ সদস্যের কমিটি গঠনের পরিকল্পনা থাকলেও বিরোধীদল সদস্যদের নাম প্রস্তাব না করায় বর্তমানে ১২ সদস্য নিয়ে কমিটি গঠন করা হয়েছে। পরবর্তীতে বিরোধীদল নাম প্রস্তাব করলে সদস্যদের অন্তর্ভুক্ত করার সুযোগ রাখা হয়েছে।

বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান কমিটি গঠনের এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে প্রত্যাখ্যান করেন। কমিটি গঠনের প্রতিবাদে রাত ৯টা ২৩ মিনিটে বিরোধীদলের সদস্যরা ওয়াকআউট করে সংসদ কক্ষ ত্যাগ করেন।এর আগে গত অধিবেশনে আইনমন্ত্রী আসাদুজ্জামান ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করেছিলেন। 

২৯ এপ্রিলের বৈঠকে আইনমন্ত্রী সরকারি ও স্বতন্ত্র সদস্যদের মধ্য থেকে ১২ জন এবং বিরোধীদল থেকে ৫ জনের নাম প্রস্তাবের আহ্বান জানিয়েছিলেন। সেই সময় বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান তাদের সিদ্ধান্ত পরবর্তীতে জানানোর কথা বলেছিলেন। তবে সংসদের বাইরে গণমাধ্যমের সাথে আলাপকালে তিনি জানিয়েছিলেন, বিশেষ এই কমিটিতে বিরোধীদল কোনো নাম দেবে না।