জুলাই ১৩, ২০২৬, ১১:৪৩ পিএম
সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনকে কেন্দ্র করে জাতীয় সংসদে তৈরি হয়েছে রাজনৈতিক উত্তাপ। বিশেষ এই কমিটি গঠনের প্রতিবাদে বিরোধীদল ওয়াকআউট করার পর চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, এই কমিটি সংবিধান নতুন করে লিখবে না, বরং কেবল সুপারিশ করবে।সোমবার রাতে জাতীয় সংসদ ভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, ওয়াকআউট বিরোধী দলের রাজনৈতিক রীতির অংশ, তারা এটি করতেই পারে। তবে আমরা মনে করি, তারা আজ যা করেছে, বিষয়টি না বুঝেই করেছে। আমরা সবাই মিলেই সংবিধান সংশোধন করব। বিরোধীদলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আলোচনা করতে তাদের জন্য সব সময়ই দরজা খোলা। কমিটি গঠনের প্রস্তাব প্রত্যাখ্যান করলেও, বিরোধীদল নাম দেয়া মাত্রই তা অন্তর্ভুক্ত করা হবে।
গণভোটের রায় উপেক্ষা করা হয়নি উল্লেখ করে চিফ হুইপ বলেন, এ নিয়ে আন্দোলনের কিছু নেই। আমরা সবাই ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলন করেছি। নিশ্চয়ই বিরোধীদল এমন কিছু করবে না, যাতে অন্য কেউ সুযোগ নিতে পারে।
অন্যদিকে, সংবিধান সংশোধন কমিটি গঠনের সময় ওয়াকআউটের পর বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান গণমাধ্যমের কাছে তাদের অবস্থান স্পষ্ট করেছেন। তিনি বলেন, যতক্ষণ না গণভোটের রায় বাস্তবায়ন করা হচ্ছে, ততক্ষণ রাজপথ ও সংসদে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। কমিটির প্রস্তাবের প্রতিবাদেই তারা ওয়াকআউট করেছেন বলে জানান তিনি।সংবিধান সংশোধনের লক্ষ্যে ১৭ সদস্যের বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করা হলেও বিরোধীদল সদস্যের নাম না দেওয়ায় বর্তমানে ১২ সদস্য নিয়ে কমিটি কার্যক্রম শুরু করেছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন