জুলাই ১৮, ২০২৬, ০৬:৩০ পিএম
বিদ্যুৎ ও জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, সমাজের নিকৃষ্ট মানুষ আওয়ামী লীগ করে। শনিবার (১৮ জুলাই) দুপুরে সিরাজগঞ্জ পৌর এলাকার মিরপুরে তাঁত প্রশিক্ষণ কেন্দ্র ও প্রশিক্ষণ সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।গত ১৭ বছর ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াইয়ের কথা তুলে ধরেন মন্ত্রী।তিনি বলেন, এই দীর্ঘ সময়ে অনেকে আত্মাহুতি দিয়েছেন।
সেই আত্মাহুতির মাধ্যমে দেশে গণতন্ত্র ফিরেছে এবং মানুষ ভোট দেওয়ার সুযোগ পেয়েছে। একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির ভূমিধ্বস বিজয় হয়েছে বলে উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগ ক্ষমতায় এলেই দেশের ক্ষতি করে বলেও তিনি অভিযোগ করেন।মন্ত্রী আরও বলেন, জিয়াউর রহমানের পরিবারের শিক্ষা হলো প্রতিশোধ না নেওয়া। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশকে ভালোবাসেন এবং তিনি কোনো বিভক্তি চান না, বরং ঐক্য গড়তে কাজ করছেন। দেশ গঠনে বর্তমানে সরকার যুদ্ধাবস্থা মনে করে কাজ চালিয়ে যাচ্ছে এবং এতে দলীয় নেতাকর্মীদের ভূমিকা গুরুত্বপূর্ণ।
রাজনীতির উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, রাজনীতি মানে শুধু চাওয়া-পাওয়া নয়, বরং দেশ ও মানুষের জন্য কী দিলাম তা চিন্তা করা। নেতাকর্মীদের উদ্দেশে তিনি মানুষের উন্নয়ন এবং দলকে সুসংগঠিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শরিফুল আলম। বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব শরিফউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে তাঁত বোর্ডের চেয়ারম্যান আবু আহমেদ সিদ্দিকি, সিরাজগঞ্জের জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতু এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন