বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬,

সেনাসদস্যদের পদোন্নতিতে মেধা ও সততার নির্দেশ প্রধানমন্ত্রীর

জাতীয় ডেস্ক

জুলাই ২৬, ২০২৬, ১২:৩৩ পিএম

সেনাসদস্যদের পদোন্নতিতে মেধা ও সততার নির্দেশ প্রধানমন্ত্রীর

বাংলাদেশ সেনাবাহিনীর যোগ্য কর্মকর্তাদের পদোন্নতির ক্ষেত্রে কোনো ধরনের রাজনৈতিক মতাদর্শ বা ব্যক্তিগত পছন্দ-অপছন্দের প্রভাব না রেখে কেবল পেশাগত দক্ষতা, সততা ও যোগ্যতাকে মূল্যায়নের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২৬ জুলাই) ঢাকার সেনাবাহিনী সদর দপ্তরে আনুষ্ঠানিকভাবে ‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬’ উদ্বোধনের সময় তিনি এসব কথা জানান।রাজধানীর এই বিশেষ পর্ষদের প্রথম পর্ব অনুষ্ঠিত হচ্ছে।

প্রথম ধাপের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল থেকে ব্রিগেডিয়ার জেনারেল এবং লেফটেন্যান্ট কর্নেল থেকে কর্নেল পদে পদোন্নতির জন্য যোগ্য সেনা কর্মকর্তাদের নাম বিবেচনা করা হবে। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখতে গিয়ে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক ও বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং মহান মুক্তিযুদ্ধের সব শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন। একই সঙ্গে তিনি পাহাড়ি এলাকায় শান্তি রক্ষায় দায়িত্ব পালন করতে গিয়ে নিহত ও আহত সেনা সদস্যদের অবদানও স্মরণ করেন।

নির্বাচনী পর্ষদের সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী স্পষ্ট জানান, যেকোনো কর্মকর্তার পদোন্নতি ও মূল্যায়নে অনুগত দায়িত্বশীলতা, সততা, শৃঙ্খলা ও পেশাগত দক্ষতাই হবে প্রধান মাপকাঠি।তিনি আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব সুরক্ষার পাশাপাশি দেশের যেকোনো অভ্যন্তরীণ সংকট সামাল দেওয়া ও দুর্যোগের সময় বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সেনাবাহিনী সর্বদা কার্যকর অবদান রেখে আসছে। পেশাগত দায়িত্বে এই অবদানের জন্য তিনি সেনাপ্রধানসহ বাহিনীর সব সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানস্থলে প্রধানমন্ত্রী পৌঁছালে সেনাপ্রধান ও চিফ অব জেনারেল স্টাফ তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান। উদ্বোধনী এই সভায় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. একেএম শামছুল ইসলামসহ সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।