শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ

জাতীয় ডেস্ক

জুলাই ২৯, ২০২৬, ১২:০২ পিএম

সিআইডি প্রধান হিসেবে দায়িত্ব নিলেন ব্যারিস্টার মোশাররফ

ছবি : সংগৃহীত

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের প্রধান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। আজ বুধবার ঢাকায় সিআইডি সদর দপ্তরে তিনি এই দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে জারিকৃত প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে পদায়ন করা হয়। দায়িত্ব গ্রহণের পূর্বে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সেখানে কর্মরত অবস্থায় অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন।

নতুন সিআইডি প্রধান ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।প্রায় তিন দশকের বর্ণাঢ্য কর্মজীবনে তিনি পেশাদারিত্ব, দক্ষতা ও সততার সঙ্গে পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইউনিটে দায়িত্ব পালন করে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেছেন। কর্মজীবনের বিভিন্ন পর্যায়ে তিনি পুলিশ একাডেমি সারদায় প্রশিক্ষণ ও গবেষণা এবং কারিকুলাম উন্নয়নসংংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। 

সিআইডির সদর দপ্তর, চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে দীর্ঘ সময় দায়িত্ব পালন করার পাশাপাশি তিনি পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবেও সফলভাবে দায়িত্ব পালন করেন। এছাড়া ঢাকা মেট্রোপলিটন পুলিশ, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ, র‍্যাব, পুলিশ সদর দপ্তর এবং দেশের বিভিন্ন রেঞ্জের ইউনিটে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি তদন্ত, গোয়েন্দা কার্যক্রম ও প্রশাসনিক ব্যবস্থাপনায় বিশেষ দক্ষতা অর্জন করেন।শিক্ষাগত জীবনে তিনি কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। 

পরবর্তীতে তিনি যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। দেশ ও বিদেশের বিভিন্ন পেশাগত প্রশিক্ষণ ও আন্তর্জাতিক সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে তিনি আধুনিক পুলিশিং এবং ফরেনসিক বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেছেন। মালয়েশিয়ার ফরেনসিক ল্যাবরেটরি কোর্স, পাকিস্তানের বিশেষ আঞ্চলিক কর্মশালা এবং তুরস্কে অনুষ্ঠিত আন্তর্জাতিক সম্মেলনে তার সক্রিয় অংশগ্রহণ রয়েছে।দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির উপমহাপরিদর্শক, অতিরিক্ত উপমহাপরিদর্শক, পুলিশ সুপারসহ বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ উপস্থিত থেকে নবনিযুক্ত সিআইডি প্রধানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।