রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

হাসপাতালে দালাল ও টেস্ট বাণিজ্য চিরতরে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় ডেস্ক

জুলাই ২৯, ২০২৬, ০৫:৪৫ পিএম

হাসপাতালে দালাল ও টেস্ট বাণিজ্য চিরতরে বন্ধ হবে: স্বাস্থ্যমন্ত্রী

ছবি : সংগৃহীত

সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে প্রাইভেট ক্লিনিকে নিয়ে যাওয়ার দালাল চক্রের অপতৎপরতা এবং অপ্রয়োজনীয় টেস্ট বাণিজ্য স্থায়ীভাবে বন্ধ করা হবে বলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

বুধবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় মাতৃভাষা ইনস্টিটিউটে এক গবেষণা ফলাফল প্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেন্ট রিসার্চ সেন্টার এবং স্বাস্থ্য অর্থনীতি ইউনিট যৌথভাবে এই গবেষণা পরিচালনা করে। অনুষ্ঠানে সভাপতিত্ব ও গবেষণা ফলাফল উপস্থাপন করেন পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।স্বাস্থ্য খাতে বিগত দিনের নানা অনিয়ম ও দুর্নীতির চিত্র তুলে ধরে মন্ত্রী জানান, টেন্ডার প্রক্রিয়ায় নির্দিষ্ট কাউকে কাজ পাইয়ে দেওয়ার জন্য অবাস্তব শর্ত জুড়ে দেওয়া হতো।

বিগত সরকারের আমলে অতিরিক্ত মূল্যে অব্যবহৃত যন্ত্রপাতি কেনার কঠোর সমালোচনা করে তিনি বলেন, কারিগরি লোকবল না থাকায় কোটি টাকার রেডিওথেরাপি ও এক্স-রে মেশিন পড়ে থেকে নষ্ট হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।টেস্ট বাণিজ্য ও অননুমোদিত ডায়ালাইসিস ব্যবসার বিরুদ্ধে কঠোর পদক্ষেপের কথা জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী জানান, আগামী নভেম্বরে বিদেশি কোম্পানির চুক্তির মেয়াদ শেষ হলে তা আর নবায়ন করা হবে না। সরকার নিজস্ব ব্যবস্থাপনায় কম খরচে ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ নিয়েছে। 

পাশাপাশি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ১০টি উপজেলায় পরীক্ষামূলকভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা-সমৃদ্ধ কিট বক্স ও সাইকেল নিয়ে স্বাস্থ্যকর্মীদের পাঠানোর যুগান্তকারী পরিকল্পনা নেওয়া হয়েছে।নরমাল ডেলিভারির হার বাড়ানো এবং সিজারের নামে প্রতারণা বন্ধে দেশজুড়ে প্রাইভেট ক্লিনিকগুলোতে আকস্মিক তদারকি বা সারপ্রাইজ ভিজিট আরও জোরদার করা হয়েছে বলে জানান তিনি। অনুষ্ঠানে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালকসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।