রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী

জাতীয় ডেস্ক

আগস্ট ৫, ২০২৬, ১০:০১ পিএম

প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন ফারুকী

ছবি : সংগৃহীত

ঐতিহাসিক জুলাই অভ্যুত্থান স্মৃতি জাদুঘর বাস্তবায়নে ব্যক্তিগত উদ্যোগ গ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। বুধবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক দীর্ঘ পোস্টে তিনি এ কথা বলেন। 

একই সঙ্গে তিনি বিগত ষোল বছরের রাজনৈতিক পটভূমি বুঝতে বাহাত্তর থেকে পঁচাত্তর সাল পর্যন্ত ইতিহাস অনুধাবনের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ওই পোস্টে তিনি জাদুঘরের কার্যক্রম নিয়ে বেশ কিছু সুনির্দিষ্ট পর্যবেক্ষণ ও পরামর্শ তুলে ধরেন।

মোস্তফা সরয়ার ফারুকী তার পোস্টে উল্লেখ করেন যে জাদুঘরে দর্শক টানতে এবং ইতিহাস সঠিকভাবে ফুটিয়ে তুলতে প্রশিক্ষিত এক্সপ্লেইনার বা নির্দেশক থাকা অত্যন্ত জরুরি। তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে উদ্বোধনের দিন প্রধানমন্ত্রীকে জাদুঘরের পুরো ধারাবাহিকতা না দেখিয়ে মাঝপথ থেকে ঘুরিয়ে দেখানো হয়েছে, যা তাকে কষ্ট দিয়েছে। 

এছাড়া ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক অধ্যায় পেরিয়ে ১৬ বছরের ইতিহাসে প্রবেশ করার ধারাবাহিক বর্ণনা রক্ষার তাগিদ দেন তিনি।জাদুঘর প্রতিষ্ঠায় যারা বিভিন্নভাবে তথ্য ও উপকরণ দিয়ে সহায়তা করেছেন, তাদের অনেককে উদ্বোধনী অনুষ্ঠানে আমন্ত্রণ না জানানোয় তিনি হতাশা ব্যক্ত করেন।তার মতে, যথাযথ সম্মান ও সঠিক কনটেন্ট পরিকল্পনা ছাড়া এই ঐতিহাসিক প্রতিষ্ঠানের প্রকৃত উদ্দেশ্য সফল হতে পারে না।