শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬,
জাতিসংঘ সাধারণ পরিষদ

জাতিসংঘে জুলাইযোদ্ধাদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ২৫, ২০২৬, ০৯:৫৪ এএম

জাতিসংঘে জুলাইযোদ্ধাদের শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী

নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্কে বাংলায় বক্তব্য দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষণের শুরুতেই তিনি ২০২৪ সালের জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানে নিহত এবং আহত ব্যক্তিদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) এই অধিবেশন অনুষ্ঠিত হয়।

প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের মুক্তিসংগ্রাম ও গণতান্ত্রিক আন্দোলনের বিভিন্ন ধাপের কথা তুলে ধরেন। তিনি বলেন, শুরুতেই তিনি বাংলাদেশের সব শহীদ মুক্তিযোদ্ধার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছেন। স্বাধীনতার পর থেকে দেশে গণতন্ত্র, ন্যায়বিচার এবং মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে যারা আত্মত্যাগ করেছেন, তাদের অবদানও স্মরণ করেন তিনি। এরপরই তিনি ফ্যাসিবাদের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই ও আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানে সব শহীদ ও আহতের প্রতি অকৃত্রিম শ্রদ্ধা জানান।

ফ্যাসিবাদী শাসন ও শোষণের বিরুদ্ধে দেড় দশকের বেশি সময় ধরে চলা আন্দোলনের পটভূমি তুলে ধরে তিনি বর্তমান বাংলাদেশকে ফ্যাসিবাদমুক্ত হিসেবে উল্লেখ করেন। দেশে অনুষ্ঠিত সাম্প্রতিক জাতীয় নির্বাচনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, চলতি বছরের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনে দেশের জনগণ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। এজন্য তিনি দেশের গণতন্ত্রকামী জনগণের প্রতি অভিনন্দন জানান। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, জনগণই সব রাজনৈতিক ক্ষমতার মূল উৎস।