সেপ্টেম্বর ১৪, ২০২৬, ০৭:৫৮ পিএম
জাতীয় রাজনীতিতে গণতন্ত্রের নিরবচ্ছিন্ন চর্চা অব্যাহত থাকলে কোনো স্বৈরশক্তি কখনো মাথাচাড়া দিয়ে উঠতে পারে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে সোমবার গণমাধ্যমে পাঠানো এক আনুষ্ঠানিক বাণীতে তিনি এই অভিমত ব্যক্ত করেন। তিনি উল্লেখ করেন, প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থা সচল থাকলে জনসাধারণকে কখনোই কারো ক্রীতদাসে পরিণত করা সম্ভব হয় না।
গণতন্ত্র রক্ষায় শহীদের রক্ত বৃথা যেতে পারে না। বাণীতে তিনি বিশ্বজুড়ে গণতন্ত্রের নীতি প্রচার এবং তা সুসংহত করার আহ্বান জানিয়ে এ আন্দোলন সংগ্রামে বাংলাদেশসহ বিশ্বজুড়ে প্রাণ উৎসর্গকারী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি আহতদের প্রতি সমবেদনা প্রকাশ করে বিশ্বের সব গণতন্ত্রকামী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। দীর্ঘ দেড় দশক ধরে বাংলাদেশে নাগরিক স্বাধীনতা, ভোটাধিকার এবং মানবাধিকার ভূলুণ্ঠিত করে একটি ভয়াবহ ফ্যাসিবাসী শাসন চাপিয়ে দেওয়া হয়েছিল বলে তিনি অভিযোগ করেন।
রিজভী আরও বলেন, বিভিন্ন কালাকানুনের মাধ্যমে সংবাদপত্রের স্বাধীনতা হরণ এবং গুম-খুনের মতো মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল। এ সময় গণতন্ত্র পুনরুদ্ধারের আপসহীন নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাবন্দী রাখা হয় এবং দলের চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের ওপর বর্বরোচিত নির্যাতন চালানো হয়। দীর্ঘ ষোলো বছরের সেই দুর্দিন পেরিয়ে ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার রক্তস্নাত ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারের পতন ঘটে এবং গত ১২ ফেব্রুয়ারি অবাধ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়।
বর্তমান গণতান্ত্রিক ব্যবস্থাকে আরও গতিশীল ও স্থায়ী রূপ দেওয়ার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, নিরপেক্ষ নির্বাচনের ধারাবাহিকতা রক্ষা না করলে সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। সর্বজনীন শিক্ষা, সামাজিক ন্যায়বিচার এবং আইনের শাসনই একটি কার্যকর রাষ্ট্রের মূল ভিত্তি। লিঙ্গভেদ ভুলে সমাজের প্রতিটি মানুষের সমান অংশগ্রহণ ও আইনি অধিকার নিশ্চিত করার মাধ্যমেই কেবল সমতাভিত্তিক সমাজ গড়া সম্ভব। বাণীর শেষাংশে তিনি দেশের সব স্তরের মানুষকে অতীতের অন্ধকার কাটিয়ে একটি কার্যকর ও শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের চলমান প্রচেষ্টায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন