রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ৮, ২০২৬, ০৪:৪১ পিএম

শহীদ ও আহত পরিবারের ১০ সদস্যকে চাকরির নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে জীবন উৎসর্গকারী শহীদ এবং গুরুতর আহতদের পরিবারের পুনর্বাসন ও কর্মসংস্থানের লক্ষে একটি বিশেষ উদ্যোগ বাস্তবায়ন করা হয়েছে। রাষ্ট্রীয়ভাবে শহীদ ও আহত পরিবারের সদস্যদের পাশে দাঁড়ানোর অংশ হিসেবে দশজন সদস্যের হাতে আনুষ্ঠানিকভাবে চাকরির নিয়োগপত্র তুলে দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এই মানবিক পদক্ষেপে সংশ্লিষ্ট পরিবারগুলোর দীর্ঘদিনের সংগ্রাম ও কষ্টের কিছুটা উপশম হবে বলে আশা করা হচ্ছে।

শনিবার তেজগাঁওয়ে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে এই নিয়োগপত্রগুলো হস্তান্তর করা হয়।অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজ হাতে শহীদ ও আহতদের পরিবারের সদস্যদের হাতে চাকরির চিঠি তুলে দেন। নিয়োগপত্রপ্রাপ্তদের মধ্যে উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন শহীদ মো. সোহাগের স্ত্রী সাবিনা আক্তার রিমা, শহীদ মো. শাহরিয়ারের স্ত্রী রাজিয়া খাতুন, শহীদ মো. আব্দুল্লাহ কবিরের স্ত্রী আফসানা আক্তার এবং শহীদ মো. মোস্তফা কামাল রাজুর স্ত্রী আকলিমা আক্তার।

এছাড়াও শহীদ মো. জুয়েলের স্ত্রী সুমাইয়া আক্তার সুবর্ণা, শহীদ মিরাজের বোন সামিয়া ইসলাম পপি, শহীদ আহসান কবিরের স্ত্রী হাফিজা আক্তার হ্যাপি এবং শহীদ ওমর নুরুল আবছারের স্ত্রী ফারজানা আক্তার রাণী এই নিয়োগপত্র লাভ করেন।পাশাপাশি গুরুতর আহত মো. আব্দুল মতিনের স্ত্রী সাবানা আক্তার এবং মো. জুলফিকার আলমের স্ত্রী মোছা. আরজু আক্তারও এই কর্মসূচির আওতায় চাকরির সুযোগ পেয়েছেন। 

এর আগে সম্প্রতি চাকরিতে যোগদানকারী শহীদ আব্দুল্লাহ বীন জাহিদের মাতা ফাতেমা তুজ জোহরা এবং আহত জুলাই যোদ্ধা সোহেলি তামান্না অনুষ্ঠানে সশরীরে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।এই মহতী উদ্যোগের ফলে শহীদ পরিবারের সদস্যরা অত্যন্ত আবেগাপ্লুত হয়ে পড়েন এবং প্রধানমন্ত্রীর প্রতি তাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।