বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

জাতীয় ডেস্ক

আগস্ট ১৭, ২০২৬, ০৫:৫৭ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমান বিন আবদুল আজিজ আল সৌদ। সোমবার (১৭ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ড. আবদুল্লাহ জাফের এইচ. বিন আবিয়াহ প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে এই আমন্ত্রণপত্র তুলে দেন।

সাক্ষাৎকালে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন রাষ্ট্রদূত ও প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সচিব শাহাদাত হোসেন স্বাধীন জানান, সৌদি ক্রাউন প্রিন্সের এই আমন্ত্রণপত্র প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। এর পাশাপাশি দুই দেশের অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্ক জোরদার করার বিষয়েও বৈঠকে গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

অন্য এক প্রসঙ্গে, ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস সম্মেলনের আউটরিচ সেশনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ কিংবা ভারতের দ্বিপাক্ষিক সফর নিয়ে সাম্প্রতিক সময়ের গুঞ্জন সম্পর্কে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম জানান, তার ভারত সফর এখনো আনুষ্ঠানিকভাবে চূড়ান্ত হয়নি। সৌদি আরবের সঙ্গে এই উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগ এবং প্রধানমন্ত্রীর সম্ভাব্য সফরকে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নতুন মাইলফলক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।