আগস্ট ১৮, ২০২৬, ০৭:৪৩ পিএম
ফ্যাসিস্টদের মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে পৃথিবীর কারোরই কোনো তুলনা চলে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। গাজীপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
জুলাই গণঅভ্যুত্থান ২০২৪-এর দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।অনুষ্ঠানে ছাত্র-জনতার আন্দোলনের গুরুত্ব তুলে ধরে বিভিন্ন ঐতিহাসিক প্রেক্ষাপট নিয়ে আলোচনা করেন তিনি।রিজভী বলেন, জুলাইয়ের এই ঐতিহাসিক আন্দোলনে প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা পালন করেছিল।
সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনের পাশাপাশি শ্রমিক, রিকশাচালক, হোটেলের বাবুর্চি ও সংবাদকর্মীরাও রাজপথে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। দীর্ঘ ও ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে দেশের সব শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তুলেছিল বলে উল্লেখ করেন তিনি।ব্রিটিশ আমল ও সিরাজউদ্দৌলার সময়ের ইতিহাস টেনে তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এ দেশের মানুষ বরাবরই সোচ্চার ছিল।
দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও কারাবাসের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অসীম সাহসিকতার সঙ্গে তিনি সব সময় গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় কাজ করে গেছেন। নানা ধরনের নির্যাতন ও নিপীড়ন সত্ত্বেও আপসহীন থেকে তিনি জাতিকে ঐক্যবদ্ধ রেখেছেন বলে জানান রিজভী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যসহ অন্যান্য বিশিষ্টজনেরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন