বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

হেফাজতে ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

জাতীয় ডেস্ক

আগস্ট ২৯, ২০২৬, ০৯:০৯ পিএম

হেফাজতে ইসলামের আমিরের সাথে সাক্ষাৎ করলেন ধর্ম প্রতিমন্ত্রী

ছবি : সংগৃহীত

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করেছেন ধর্ম প্রতিমন্ত্রী শামীম কায়সার। শনিবার দুপুরে চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাট পৌরসভাধীন আল জামিয়াতুল ইসলামিয়া আজিজুল উলুম বাবুনগর মাদ্রাসায় গিয়ে তিনি হেফাজত আমিরের সঙ্গে এই সাক্ষাৎ করেন।মাদ্রাসার মেহমানখানায় আমিরে হেফাজতের সঙ্গে প্রতিমন্ত্রী বেশ কিছুক্ষণ কথা বলেন এবং কুশল বিনিময় করেন।

সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ধর্ম প্রতিমন্ত্রী জানান, রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি আল্লামা শাহ্ মুহিবুল্লাহ্ বাবুনগরী বর্তমান সরকারকে সর্বাত্মক সমর্থন ও সহযোগিতা করে যাচ্ছেন। প্রতিমন্ত্রী হওয়ার পর থেকে তার সঙ্গে দেখা করার প্রবল ইচ্ছা ছিল বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ন্যায়-নীতি অনুসরণ করে এবং আদর্শ ধারণ করে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতোমধ্যে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। দেশ পরিচালনা ও জনকল্যাণে সরকারের এই নীতি অব্যাহত থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় হেফাজতের স্থানীয় নেতৃবৃন্দ, প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা এবং বাবুনগর মাদ্রাসার দায়িত্বশীল ব্যক্তিবর্গ ও আলেম-ওলামারা উপস্থিত ছিলেন। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই সাক্ষাতের মধ্য দিয়ে সরকারের সাথে শীর্ষ আলেমদের পারস্পরিক সম্পর্কের নতুন মাত্রা প্রকাশ পেয়েছে।