বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থেই সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

দিনাজপুর টিভি ডেস্ক

সেপ্টেম্বর ১, ২০২৬, ১২:৪৯ পিএম

সাগর-রুনি হত্যার সুষ্ঠু তদন্তের স্বার্থেই সন্দেহভাজন ব্যক্তির নাম এখনই প্রকাশ করা উচিত নয়

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার মতো একটি স্পর্শকাতর বিষয়ে তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে—এমন নাম প্রকাশ থেকে সবাইকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। মঙ্গলবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরে সম্মেলন কেন্দ্রে আয়োজিত সাপ্তাহিক নিয়মিত ব্রিফিংয়ে তিনি এই মন্তব্য করেন।

চিফ প্রসিকিউটর একজন সাংস্কৃতিক কর্মীর সম্পৃক্ততার বিষয়ে কিছু তথ্য পাওয়ার কথা জানানোর পর বিভিন্ন মহলে নানা নাম নিয়ে আলোচনা চলছে। এর পরিপ্রেক্ষিতে উপদেষ্টা বলেন যে আনুষ্ঠানিক তদন্ত ও আদালতের প্রক্রিয়ার মাধ্যমে কোনো ব্যক্তির সম্পৃক্ততা প্রমাণিত হলেই কেবল তাকে নিয়ে কথা বলা সমীচীন। তদন্তের এই পর্যায়ে অনুমাননির্ভর নাম প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত।

তিনি আরও বলেন, রাষ্ট্র আনুষ্ঠানিকভাবে তদন্ত করবে এবং সংশ্লিষ্ট কারও বিরুদ্ধে অভিযোগ বা চার্জ গঠন হলে তখনই বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলা উচিত। তদন্তে কারো সম্পৃক্ততার প্রাথমিক তথ্য পাওয়া গেলেই তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা সমীচীন নয়। কোনো ব্যক্তির রাজনৈতিক বা সামাজিক কর্মকাণ্ড নিয়ে মতভেদ থাকতে পারে, তবে সেটিকে ফৌজদারি অপরাধের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রে প্রমাণের বিষয়টিই চূড়ান্ত বিবেচ্য হওয়া উচিত।

আলোচনায় থাকা ব্যক্তি যদি প্রকৃতপক্ষে ঘটনাটির সঙ্গে জড়িত না হয়ে থাকেন, তাহলে তার ওপর অন্যায়ভাবে অপরাধ চাপিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই বলে উল্লেখ করেন তথ্য উপদেষ্টা। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে বিচারিক প্রক্রিয়ার বাইরে গিয়ে কোনো ধরনের বিভ্রান্তিকর তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানানো হয়েছে।