সেপ্টেম্বর ২, ২০২৬, ১০:৪৭ পিএম
জলবায়ু অর্থায়ন, কার্বন ক্রেডিট এবং কার্বন ট্রেডিং কার্যক্রমকে একটি সমন্বিত কাঠামোর আওতায় আনতে পঁচিশ সদস্যের ‘জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটি’ (এনসিসিএফ) গঠন করেছে সরকার। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় থেকে সম্প্রতি এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। গঠিত এই উচ্চপর্যায় কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরিবেশ ও জলবায়ু বিষয়ক নীতিগত দিকনির্দেশনা দিতে এই জাতীয় কমিটি কাজ করবে। প্রজ্ঞাপন অনুযায়ী, কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। এ ছাড়া সমন্বয়ের মুখ্য দায়িত্বে থাকবেন প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক বিশেষ সহকারী ড. মো. সাইমুম পারভেজ এবং মন্ত্রণালয়ের সচিব সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন।
কমিটির অন্যান্য সদস্যের মধ্যে রয়েছেন বেশ কয়েকজন প্রতিমন্ত্রী ও উপদেষ্টা এবং সতেরোটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের সচিবরা। উচ্চপর্যায়ের এই কমিটি প্যারিস চুক্তির আর্টিকেল-৬-সহ আন্তর্জাতিক অঙ্গীকারের আলোকে জাতীয় কার্বন ক্রেডিট ও জলবায়ু অর্থায়ন কাঠামো অনুমোদন ও বাস্তবায়ন করবে।
একই সঙ্গে আন্তর্জাতিক তহবিল থেকে অর্থ সংগ্রহের কৌশল নির্ধারণ এবং সংশ্লিষ্ট প্রকল্পের অগ্রগতি মূল্যায়নেও এই কমিটি ভূমিকা রাখবে। প্রজ্ঞাপন অনুযায়ী, বছরে এই কমিটির ন্যূনতম দুটি সভা অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত করা যাবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন