বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সংসদে রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে তীব্র হট্টগোল

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ৯, ২০২৬, ০৯:১৯ পিএম

সংসদে রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে তীব্র হট্টগোল

ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানার বক্তব্যকে কেন্দ্র করে আইনপ্রণেতাদের মধ্যে তীব্র হট্টগোল ও বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছে। বুধবার সংসদ অধিবেশনে অতীত কর্মকাণ্ড ও রাজনৈতিক সংকটের প্রসঙ্গ টেনে বক্তব্য দেওয়ার সময় সরকারি দলের কয়েকজন সদস্য প্রতিবাদ জানিয়ে হইচই শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল বারবার সংসদ সদস্যদের শান্ত থাকার এবং কার্যপ্রণালী বিধি মেনে চলার নির্দেশ দেন।

উভয় পক্ষের বাগ্‌বিতণ্ডায় মুহূর্তের মধ্যে সংসদ কক্ষের পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে। বক্তব্যের একপর্যায়ে রুমিন ফারহানা ক্ষোভ প্রকাশ করে বর্তমান সংসদকে অসহিষ্ণু আখ্যা দেন এবং বিরোধী মত প্রকাশের ক্ষেত্রে পূর্ববর্তী সময়ের মতো আচরণ করা হচ্ছে বলে দাবি করেন। তাঁর এমন মন্তব্যের পর ট্রেজারি বেঞ্চের সদস্যদের মধ্যে প্রতিবাদের মাত্রা আরও তীব্র হয়। এ সময় পরিস্থিতি সামাল দিতে ট্রেজারি বেঞ্চের চিফ হুইপ সংসদ সদস্যদের মনে করিয়ে দেন যে একজন নির্বাচিত প্রতিনিধির বক্তব্য উপস্থাপনের পূর্ণ গণতান্ত্রিক অধিকার রয়েছে।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল তাৎক্ষণিক রুলিং দিয়ে জানান যে প্রত্যেক সংসদ সদস্যের সংসদে স্বাধীনভাবে বক্তব্য তুলে ধরার পূর্ণ সাংবিধানিক অধিকার রয়েছে। কোনো সদস্যের বক্তব্য অযৌক্তিক মনে হলে পরবর্তীতে বিধি অনুযায়ী তা যুক্তিতর্কের মাধ্যমে খণ্ডন করা যেতে পারে, তবে সরাসরি বক্তব্য প্রদানে বাধা সৃষ্টি করা গণতান্ত্রিক রীতিনীতির পরিপন্থী। পরবর্তীতে স্পিকারের হস্তক্ষেপে পরিস্থিতি কিছুটা শান্ত হলে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান ইকবালকে বক্তব্য দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়।