বুধবার, ১১ নভেম্বর, ২০২৬,

সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

জাতীয় ডেস্ক

সেপ্টেম্বর ১২, ২০২৬, ০৪:৩২ পিএম

সরকারের ৬ মাসে খাদ্য মজুত বেড়েছে দেড় লাখ মেট্রিক টন

ছবি: সংগৃহীত

দেশে খাদ্যশস্যের সরকারি মজুত ২৩ লাখ ৫৯ হাজার ১৫৪ মেট্রিক টনে দাঁড়িয়েছে। চলতি বছরের ১০ ফেব্রুয়ারি এই মজুতের পরিমাণ ছিল ২২ লাখ ১০ হাজার ৬৭০ মেট্রিক টন। সাত মাসে সরকারি খাদ্য মজুত বেড়েছে এক লাখ ৪৮ হাজার ৪৮৪ মেট্রিক টন। খাদ্য অধিদপ্তর ও খাদ্য মন্ত্রণালয়ের হিসাব বলছে, বর্তমান মজুতের মধ্যে চাল রয়েছে ২০ লাখ ৩৬ হাজার ১০২ মেট্রিক টন। গম রয়েছে দুই লাখ ৩২ হাজার ১৮৩ মেট্রিক টন এবং ধানের পরিমাণ ৩৪ হাজার ৭০ মেট্রিক টন। এই মজুতের সঙ্গে ভাসমান বা ফ্লোটিং মজুত হিসেবে ৬৮ হাজার ৭২৩ মেট্রিক টন গম যুক্ত রয়েছে।

বর্তমান সরকার ক্ষমতা নেওয়ার পর শস্য সংরক্ষণের জায়গা বাড়ানোর কাজে গতি আনা হয়েছে। আগে দেশে সরকারিভাবে খাদ্য সংরক্ষণের সর্বোচ্চ সক্ষমতা ছিল প্রায় ২৪ লাখ মেট্রিক টন। গুদামের পরিধি বাড়িয়ে এখন তা ২৭ লাখ মেট্রিক টনে নেওয়া হয়েছে। আগামী পাঁচ বছরের মধ্যে এই ধারণক্ষমতা ৩৪ লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্য রয়েছে। নিরাপদ খাদ্য মজুতের দীর্ঘদিনের স্বীকৃত মানদণ্ডেও পরিবর্তন আনা হয়েছে। আগে সাড়ে ১৩ লাখ মেট্রিক টন শস্যকে নিরাপদ মজুতের ভিত্তি ধরা হতো। সরকারের নতুন সিদ্ধান্তে এই সুরক্ষাসীমা বাড়িয়ে ১৬ লাখ মেট্রিক টন নির্ধারণ করা হয়েছে।

বিগত বছরগুলোর তুলনায় সরকারি গুদামে বর্তমান খাদ্যশস্যের পরিমাণ অনেকটাই বেশি। ২০২৫ সালের ৪ আগস্ট অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্তির দিনে মোট খাদ্য মজুত ছিল ২১ লাখ ৩১ হাজার মেট্রিক টন, যেখানে চাল ছিল ১৯ লাখ ৫৪ হাজার এবং গম এক লাখ ৭৭ হাজার টন। সেই তুলনায় বর্তমান মজুত দুই লাখ ২৮ হাজার ১৫৪ মেট্রিক টন বেড়েছে। ২০২৪ সালের একই সময়ের মজুত ছিল ১৬ লাখ ৮৪ হাজার ৩৩০ মেট্রিক টন, যার তুলনায় বর্তমান মজুত প্রায় ছয় লাখ ৭৫ হাজার টন বেশি।

অভ্যন্তরীণ উৎস থেকে খাদ্য সংগ্রহের কাজও এগোচ্ছে। ৯ সেপ্টেম্বর পর্যন্ত চলতি মৌসুমের বোরো সংগ্রহ কার্যক্রমে মোট ১৬ লাখ ৮৩ হাজার ১৯৫ মেট্রিক টন চাল ও ধান সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে সিদ্ধ চাল ১২ লাখ এক হাজার ৫৬৮ মেট্রিক টন, ধান পাঁচ লাখ ৭৮ হাজার ১৪০ মেট্রিক টন এবং আতপ চাল এক লাখ পাঁচ হাজার ৩১৩ মেট্রিক টন। পাশাপাশি ৫২৩ মেট্রিক টন গম সংগ্রহ করা হয়েছে।

আন্তর্জাতিক বাজার থেকে সরবরাহ বজায় রাখতে আমদানি প্রক্রিয়া চলমান রয়েছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের ১ জুলাই থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত দেশে মোট আট লাখ ২৭ হাজার ৭০০ মেট্রিক টন খাদ্যশস্য আমদানি হয়েছে। এর মধ্যে সরকারিভাবে এসেছে ৬৫ হাজার ৮৬০ মেট্রিক টন এবং বেসরকারি আমদানিকারকরা এনেছেন সাত লাখ ৬১ হাজার ৮৪০ মেট্রিক টন। খাদ্য মন্ত্রণালয়ের সংগ্রহ শাখার যুগ্ম সচিব মোহাম্মদ কামরুল ইসলাম চৌধুরী জানান, চলতি মৌসুমে অভ্যন্তরীণ সংগ্রহ সন্তোষজনকভাবে সম্পন্ন হচ্ছে এবং গুদামে চাল ও গমের নিরাপদ মজুত রয়েছে। যেকোনো পরিস্থিতি সামাল দেওয়া এবং বাজারমূল্য স্বাভাবিক রাখার সক্ষমতা সরকারের রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

খাদ্য পরিকল্পনা ও পরিধারণ ইউনিটের মহাপরিচালক মো. মাহবুবুর রহমান জানান, বিশ্ববাজারে গমের দাম বাড়লেও খাদ্যবান্ধব কর্মসূচিতে চালের বরাদ্দ বাড়িয়ে সমন্বয় করা হচ্ছে। পর্যাপ্ত বৃষ্টি হওয়ায় আসন্ন আমন মৌসুমেও লক্ষ্যমাত্রার চেয়ে বেশি উৎপাদনের আশা করছেন তিনি। কৃষকদের ন্যায্যমূল্য নিশ্চিত করতে বোরো সংগ্রহ কার্যক্রম স্বচ্ছ রাখা হয়েছে বলে জানিয়েছেন খাদ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. জামাল হোসেন। খোলা বাজারে খাদ্য বিক্রি ও অন্যান্য সামাজিক কর্মসূচিতে নিয়মিত শস্য সরবরাহ চালু রয়েছে। বর্তমান সরকারি মজুত নির্ধারিত নতুন নিরাপদ সীমার চেয়েও প্রায় ১০ লাখ মেট্রিক টন বেশি রয়েছে।

তথ্যসূত্র: বাসস